যশোরের মাদ্রাসাছাত্র মো. মারুফ হোসেন (১৩) হত্যা মামলার ১০ আসামিকে বেকসুর খালাস দিয়েছে খুলনার দ্রুত বিচার ট্রাইব্যুনাল। গতকাল রবিবার দুপুরে ট্রাইব্যুনালের বিচারক মো. নজরুল ইসলাম হাওলাদার এ রায় ঘোষণা করেন। নিহত মারুফ যশোরের চৌগাছা উপজেলার স্বর্পরাজপুর গ্রামের মহিদুল ইসলামের ছেলে।
খালাসপ্রাপ্ত আসামিরা হলো স্বর্পরাজপুর গ্রামের হযরত আলী ম-ল, সুলাইমান ম-ল, বিল্লাল হোসেন, টুটুল ম-ল, আবুল বাশার, বাবু, ইকরামুল হোসেন, আজাহারুল ইসলাম ওরফে বুড়ো, শফিকুল ইসলাম ও ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার রঘুনাথপুর গ্রামের খলিল ম-ল।
রায় ঘোষণার পর বাদী নিহত মারুফের মা আবেরুন্নেছা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমরা ন্যায়বিচার পাইনি। আসামি আজাহারুল ইসলাম ওরফে বুড়ো আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিতে এ হত্যাকা-ে নিজের সম্পৃক্ততা স্বীকার এবং জড়িত অন্যদের নাম প্রকাশ করে। এছাড়া লাশের ছয় টুকরো করার বিবরণও আদালতে দেয় ওই আসামি।’ এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন বলেও তিনি সাংবাদিকদের জানান।
মামলার নথি সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ১০ আগস্ট চৌগাছা উপজেলার স্বর্পরাজপুর গ্রামের মহিদুল ইসলামের ছেলে মো. মারুফ হোসেন বাড়ি থেকে বাইরে যায়। সন্ধ্যার পর পাশের মির্জাপুর গ্রামের হাসেম আলীর খেজুর বাগানে মারুফের মাথাবিহীন ও হাত-পা কাটা লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় মারুফের মা আবেরুন্নেছা বাদী হয়ে সাতজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে চৌগাছা থানায় মামলা করেন।
