সঞ্চালন লাইন প্রতিস্থাপনের জন্য আজ সোমবার ভোর ৬টা থেকে বেলা ৩টা পর্যন্ত গাজীপুর চৌরাস্তা থেকে বনানী রেলক্রসিং পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। গতকাল রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে তিতাস গ্যাস অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি। এতে বলা হয়, নয় ঘণ্টা এসব এলাকার সব শিল্প কারখানা, সিএনজি স্টেশন ও বাসাবাড়িতে গ্যাস থাকবে না। এর প্রভাবে উত্তরা, জোয়ারসাহারা ও বারিধারা ডিওএইচএস আবাসিক ও বাণিজ্যিক গ্রাহকরা কম গ্যাস পাবেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের কাছে আন্ডারপাস নির্মাণ প্রকল্পের এলাইনমেন্টের মধ্যে বিদ্যমান গ্যাস পাইপলাইন প্রতিস্থাপন করা হবে। এতে সংশ্লিষ্ট এলাকায় গ্যাস বন্ধ এবং স্বল্প চাপ থাকবে। সাময়িক এ অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস। এ বিষয়ে তিতাসের পরিচালক (অপারেশন) মো. কামরুজ্জামান বলেন, পাইপলাইন প্রতিস্থাপনের কাজ সময়সাপেক্ষ। লাইনে গ্যাস সরবরাহ বন্ধ করে কাজ করতে হয়। তাই গ্যাস সরবরাহ বন্ধ করা হবে।
