ফরিদপুরে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশ। সোমবার বেলা সাড়ে ১১টার সময় সদর উপজেলার চরমাধবদিয়া ইউনিয়নের গোয়ালেরটিলা এলাকায় রাস্তার পাশের একটি বাগান থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত যুবকের নাম আনোয়ার মোল্লা (৩৫)। পেশায় তিনি দিনমজুর। তার বাড়ি ওই গ্রামেই।
চরমাধবদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. তুহিনুর রহমান মন্ডল জানান, স্থানীয়রা ওই যুবকের লাশ পড়ে থাকতে দেখে, পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ফরিদপুর কোতোয়ালি থানার সেকেন্ড অফিসার মো. বেলাল হোসেন জানান, লাশের খবর পেয়ে থানা পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের পাঠানো হয়েছে ।
তিনি বলেন, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। বিষয়টি পুলিশ তদন্ত করছে।
