বিষাক্ত গোখরা (কিং কোবরা) আর গুঁইসাপের মধ্যকার ঝগড়া থামাতে ঢিল ছুড়ে সাপের ছোবলে জামাল মিয়া (৫০) নামে এক ব্যক্তির করুণ মৃত্যু হয়েছে। গত রবিবার (২৬ মে) সকালে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার বুরুন্দী বিলে এ ঘটনা ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত জামাল মিয়া বন্দর উপজেলার ঘাড়মোড়া এলাকার মৃত মরণ আলী ব্যাপারীর ছেলে। তিনি পেশায় একজন স্যানিটারি মিস্ত্রি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘাড়মোড়া এলাকার জামাল মিয়া বুরুন্দী বিলের পাশ দিয়ে কাজে যাওয়ার সময় বিষাক্ত কিং কোবরা গোখরা ও গুঁইসাপের মধ্যে ঝগড়া দৃশ্য তার নজরে আসে। এ সময় তিনি ঢিল ছুড়ে দুই সাপের মধ্যে ঝগড়া থামাতে গেলে গোখরা সাপটি তাকে ছোবল দেয়।
এ ব্যাপারে বন্দর থানার ওসি রফিকুল ইসলাম জানান, বিষাক্ত সাপের ছোবলে স্যানিটারি মিস্ত্রি জামালের মৃত্যু হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
