পঞ্চগড়ে কারখানাগুলো সরকারনির্ধারিত দরে কাঁচা চা পাতা না কেনায় এবং ন্যায্যমূল্য নিশ্চিত করার দাবিতে চাষিরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে চা পাতা ফেলে প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন। একই দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। এর আগে চা-চাষিরা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে পঞ্চগড়-ঢাকা মহামসড়কের পাশে মানববন্ধন করেন।
সদর উপজেলার কয়েক হাজার ক্ষুদ্র চা-চাষি গতকাল সোমবার দুপুরে এ কর্মসূচির আয়োজন করেন। এ সময় চাষিরা তাদের বাগানের কাঁচা চা পাতা মহাসড়কেও ছিটিয়ে দেন। মানববন্ধনে অমরখানা ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান, ক্ষুদ্র চা-চাষি মোজাহারুল হক, সৈয়দ আলী, আনোয়ারুল ইসলাম, জাহাঙ্গীর আলম, আবদুল কাদের প্রমুখ বক্তব্য দেন।
বক্তারা বলেন, কারখানা মালিকরা সিন্ডিকেট করে কাঁচা চা পাতার মূল্য কম দামে কিনতে চা-চাষিদের বাধ্য করছে। গত ১৫ মে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে কাঁচা চা পাতার মূল্য নির্ধারণী কমিটির সভায় প্রতি কেজি চা পাতার মূল্য ২৪ টাকা নির্ধারণ করা হয়। সভায় জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন সভাপতিত্ব করেন। সভায় চা-চাষি, কারখানা মালিক ও চা বোর্ডের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
