দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব নিতে যাওয়া নরেন্দ্র মোদি এবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে আমন্ত্রণ জানাচ্ছেন না। আগের মেয়াদে দেশটির তৎকালীন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে আমন্ত্রণ জানিয়েছিলেন তিনি।
লোকসভা নির্বাচনে বিপুল ভোটে জয় নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিজেপি। ৩০ মে সরকার প্রধান হিসেবে শপথ নেবেন মোদি।
পুলওয়ামা হামলাকে কেন্দ্র করে দুই দেশের সম্পর্ক রীতিমতো তলানিতে গিয়ে ঠেকেছে। ভোটের আগে পাকিস্তানের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে প্রচার চালিয়েছেন মোদি।
ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, শপথের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য বিমস্টেকের নেতারা ছাড়াও আমন্ত্রণ জানানো হয়েছে কিরগিজস্তানের প্রেসিডেন্ট এবং মরিশাসের প্রধানমন্ত্রীকে।
শপথের অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ।
বিমস্টেকে রয়েছে ভারত, বাংলাদেশ, মিয়ানমার, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, নেপাল ও ভুটান। বিমস্টেক নেতাদের ডেকে পাকিস্তানকে বাদ দিয়ে মূলত সার্কের বাকি দেশগুলোকে একসঙ্গে রাখতে চাইছেন মোদি।
