আগামী মাসে কিরগিজস্তানের রাজধানী বিশেকেকে দেখা হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের মধ্যে।
জুনে বিশেকেকে চীনা নেতৃত্বাধীন জোট সাংহাই সহযোগিতা সংস্থা বা এসসিও-র আঞ্চলিক বৈঠকে যোগ দেবেন দুই নেতাই।
এনডিটিভি জানায়, মোদি এবং ইমরানের মধ্যে দেখা হওয়া নিয়ে সরকারিভাবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে দুই নেতার মধ্যে দেখা বা কথা হলে সন্ত্রাসবাদের বিরুদ্ধে নিজের মত প্রকাশ করবেন মোদি। সন্ত্রাসবাদ মোকাবিলায় দিল্লির অবস্থান আগের মতোই আছে এটা বোঝাতে চায় ভারত।
সদ্য সমাপ্ত লোকসভায় জিতে টানা দ্বিতীয়বারের মতো ক্ষমতায় এসেছেন মোদি। বৃহস্পতিবার ফল ঘোষণার দিনই টুইটারের মাধ্যমে মোদিকে শুভেচ্ছা জানান পাক প্রধানমন্ত্রী ইমরান। পরে রোববার দুই নেতার মধ্যে ফোনেও কথা হয়েছে। ফোন করার জন্য ইমরানকে ধন্যবাদও জানান মোদি।
