পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি মো. হাবিবুর রহমান বলেছেন, ঘরমুখী মানুষের এবার ঈদযাত্রা অবাধ করতে সরকার ব্যবস্থা নিয়েছে; পুলিশও এ ব্যাপারে বিশেষ তৎপর। এবারের ঈদযাত্রা হবে যানজটমুক্ত ও ভোগান্তিহীন।
গতকাল মঙ্গলবার দুপুরে ঈদকে কেন্দ্র করে ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যানজট ও সার্বিক পরিস্থিতি পরিদর্শন শেষে জেলা পুলিশের আয়োজনে মদনপুরে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ঈদযাত্রা যানজটমুক্ত রাখতে ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দু’পাশের সব অবৈধ স্থাপনা ও অস্থায়ী দোকানপাট উচ্ছেদের নির্দেশ দেন ডিআইজি। এ সময় সড়কের শৃঙ্খলা দেখে ও যানজট না দেখে সন্তোষ প্রকাশ করেন তিনি। তিনি আরও বলেন, যেকোনো ধরনের ছিনতাই ও চাঁদাবাজি রুখতে আমাদের জিরো টলারেন্স। অভিযোগ পেলে পুলিশের কোনো সদস্য জড়িত থাকলেও ব্যবস্থা নেওয়া হবে।
