ঈদ করতে পুরো পরিবারসহ বাইরে যাচ্ছেন, আপনার ঘরের নিরাপত্তার বিষয়টি ভেবেছেন কি? কী করবেন আর কী করবেন না জানালেন রানা আহমেদ
অটোলক ব্যবহার : বাসা বা ফ্ল্যাটের মূল গেটে অটোলক ব্যবহার করুন। এতে অনেক কসরত করেও তালা খুলতে পারবে না কেউ। দরজায় নিরাপত্তা অ্যালার্মযুক্ত তালাও ব্যবহার করতে পারেন।
প্রযুক্তির ব্যবহার : আধুনিক প্রযুক্তির বিশেষ অ্যালার্ম সিস্টেম যদি লাগানো যায়, তাহলে ভালো হয়। এতে করে বাসায় কেউ অনুপ্রবেশ করলে আপনার মুঠোফোনে অ্যালার্ম চলে যাবে।
সিসিটিভির ব্যবহার : সিসিটিভি ব্যবহার করুন। বাসা বা ফ্ল্যাটে সিসিটিভি থাকলে নিরাপত্তা অনেক গুণ বেশি বেড়ে যায়।
নতুন ভবন নির্মাণ : আশপাশে নতুন ভবন উঠছে কি? তাহলে আপনাকে সতর্ক হতে হবে। জি হ্যাঁ, এ বিষয় নিয়ে চিন্তার কারণ আছে বৈকি! যত দিন সেখানে নির্মাণকাজ চলবে, তত দিন আপনার গার্ডকে সেদিকে খেয়াল রাখার নির্দেশ দেবেন। বিশেষ করে নতুন ভবন নির্মাণে ক্রেনসহ যেসব যন্ত্রাদি ব্যবহৃত হয়, সেগুলো চোরদের কাজে বেশ সহায়ক। নিরাপদ থাকতে জানালাগুলো বন্ধ রাখুন।
আরও যা খেয়াল রাখবেন
বাসা বা বাড়ির নিচতলায় বসবাসকারীরা ভেন্টিলেশনের জানালা বন্ধ করুন।
রাতে আপনার বাসার চারপাশ আলোকিত করে রাখুন।
মূল্যবান সামগ্রী ও দলিল নিরাপদ হেফাজতে রাখুন এবং তালাবদ্ধ করুন। প্রয়োজনে ব্যাংক লকারের সহায়তা নিতে পারেন।
বাসা বা বাড়ির ত্যাগের পূর্বে যে সমস্ত প্রতিবেশী বা পাশের ফ্ল্যাটের অধিবাসী ঢাকায় অবস্থান করবেন তাদেরকে আপনার বাসার প্রতি লক্ষ রাখতে অনুরোধ করুন এবং ফোনে তাদের সঙ্গে যোগাযোগ রাখুন।
আপনার অনুমতি না নিয়ে কেউ যেন বাসায় প্রবেশ করতে না পারে এ বিষয়ে বাড়ির নিরাপত্তাকর্মীকে সতর্ক করুন।
ভাড়াটিয়ারা আগেই বাসার মালিককে ঈদ উপলক্ষে বাসা ত্যাগের বিষয়টি অবহিত করুন ।
বাসার জানালা বা দরজার পাশে কোনো গাছ থাকলে শাখা-প্রশাখা কেটে ফেলুন যাতে অপরাধীরা শাখা-প্রশাখা ব্যবহার করে বাসায় প্রবেশ করতে না পারে। ছাদের দরজা বন্ধ রাখতে বলুন।
