নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জোর করে গাছ থেকে আম পাড়তে গেলে গাছের মালিক বাধা দেওয়ায় তাকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। নিহত ব্যক্তি রতন মিয়া (৩৫) উপজেলার বাবরকপুর গ্রামের বাসিন্দা। গতকাল বুধবার সকালে উপজেলার বাবরকপুর গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনায় পুলিশ আক্তার ভানু (৫০) নামের এক নারীকে আটক করেছে।
সোনারগাঁ থানার এসআই আজিজ জানান, ওই গ্রামের মোতালিবের ছেলে রতনের সঙ্গে একই গ্রামের আব্দুল হাকিমের ছেলে আরিফ ও প্রান্তর দীর্ঘদিন জমি নিয়ে বিরোধ ছিল। গতকাল বুধবার সকালে রতনের বসতবাড়ি থেকে প্রতিপক্ষ আরিফ, প্রান্ত ও আক্তার ভানু জোর করে আম পাড়তে গেলে রতন আম পাড়তে বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রতনের ওপর হামলা চালায় তারা। এ সময় রতন বসতঘরে আশ্রয় নিলে প্রতিপক্ষরা সেখানে ঢুকে এলোপাতাড়ি পিটিয়ে মারাত্মক আহত করে। রতনের ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে আহত রতনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।
