বনানীতে বহুতল ভবনে অগ্নিকাণ্ডের সময় আগুন নেভাতে গিয়ে নিহত ফায়ারম্যান সোহেল রানার পরিবারকে আর্থিক সহায়তা হিসেবে ১২ লাখ টাকার চেক প্রদান করা হয়েছে। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পাঁচ লাখ এবং ফায়ার সার্ভিস কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে সাত লাখ টাকা দেওয়া হয়েছে। গতকাল বুধবার ফায়ার সার্ভিস সদর দপ্তরে এক অনুষ্ঠানে সোহেলের পরিবারের হাতে এ চেক তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
স্বরাষ্ট্রমন্ত্রী এ সময় সোহেলের বিষয়ে বলেন, তিনি মানুষের জীবন বাঁচাতে গিয়ে নিজের জীবন দিয়েছেন। আমি তার আত্মার শান্তি কামনা করছি। সোহেলের মতো মোট ২১ অগ্নিসেনা মানুষের জীবন বাঁচাতে গিয়ে নিহত হয়েছেন। মহান আল্লাহতায়ালা তাদের জান্নাত দান করুনÑ এ দোয়া করি।
তিনি আরও বলেন, ফায়ার সার্ভিস একটি উঁচুমানের বাহিনীতে পরিণত হয়েছে। শুধু আগুন নয়, কোথাও সড়ক দুর্ঘটনা, নৌদুর্ঘটনা হলে ফায়ার সার্ভিস সবার আগে গিয়ে হাজির হয়। তাদের কল্যাণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফায়ার সার্ভিস কল্যাণ ট্রাস্টে ২০ কোটি টাকা অনুদান দিয়েছেন। ট্রাস্টে অন্যান্য সোর্স থেকেও টাকা সংগ্রহ করা হচ্ছে। আমি মনে করি, ভবিষ্যতে পুলিশ ও সেনাবাহিনীর মতো ফায়ার সার্ভিসের ট্রাস্টও শক্তিশালী হবে।
সোহেলের পরিবারকে চাকরি দেওয়ার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি সোহেলের পরিবারকে কমিটমেন্ট দিয়েছি, তাদের পরিবারের উপযুক্ত কেউ থাকলে তাকে চাকরি দেওয়া হবে। এ বিষয়ে ফায়ার সার্ভিসের মহাপরিচালক কাজ করছেন।’
