যারা থাকছেন মোদির শপথ অনুষ্ঠানে

আপডেট : ৩০ মে ২০১৯, ০২:০৬ পিএম

বিপুল ভোটে জয় পেয়ে প্রধানমন্ত্রী হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যায় আবারও শপথ নেবেন নরেন্দ্র মোদি। রাষ্ট্রপতি ভবনের ওই অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছে ছয় হাজার অতিথি। উপস্থিত থাকবেন আম্বানি-টাটার মতো শিল্পপতি থেকে বলিউড ও খেলার জগতের একাধিক নক্ষত্র।

ইতিমধ্যেই মহাত্মা গান্ধী ও অটল বিহারি বাজপেয়িকে শ্রদ্ধা জানিয়ে শপথের দিন শুরু করেছেন মোদি।

অনুষ্ঠানে থাকছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মৈত্রীপালা সিরিসেনা ও নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। আরও থাকতে পারেন মিয়ানমারের প্রেসিডেন্ট ইউ উইন মিন্ট এবং ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং। থাইল্যান্ডের প্রতিনিধি হিসাবে থাকবেন গ্রিসাদা বুনর‌্যাচ।

থাকছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী ও তার মা সোনিয়া গান্ধী।

মরিশাসের প্রধানমন্ত্রী প্রবিন্দ কুমার যুগনাথ ও কিরগিজস্তানের প্রেসিডেন্ট সুরনবে জিনবেকভও উপস্থিত থাকবেন। বিমসটেক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের উল্লেখযোগ্য ব্যক্তিরা থাকছেন।

ভারতের প্রায় সব রাজ্যের মুখ্যমন্ত্রীরা এলেও থাকছেন না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার অভিযোগ, বিজেপি শুধু মিথ্যা তথ্য দিচ্ছে তা-ই নয়, সৌজন্যের আবহ নষ্ট করে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে চাইছে। এর প্রতিবাদে মোদির উদ্দেশে টুইট করে মমতা জানিয়ে দেন, শপথগ্রহণ অনুষ্ঠানে যাবেন না।

শিল্পপতিদের মধ্যে মুকেশ আম্বানি, গৌতম আদানি ও রতন টাটাকে আমন্ত্রণ জানানো হয়েছে। আসতে পারেন অজয় পিরামল, জন চেম্বার্স ও বিল গেটসকে।

সাবেক স্প্রিন্টার পিটি ঊষা, ক্রিকেটার রাহুল দ্রাবিড়, অনিল কুম্বলে, জাভাগাল শ্রীনাথ, হরভজন সিংহ, ব্যাডমিন্টন তারকা সাইনা নেহওয়াল, পুলেল্লা গোপী চাঁদ, জিমন্যাস্ট দীপা কর্মকারকেও আমন্ত্রণ জানানো হয়েছে।

বলিউড তারকাদের মধ্যে কঙ্গনা রনৌত, শাহরুখ খান, সঞ্জয় লীলা বানসালি, করণ জোহরকে আমন্ত্রণ জানানো হয়েছে। থাকবেন দক্ষিণ ভারতীয় সুপারস্টার রজনীকান্ত ও কমল হাসান।

এ ছাড়াও রাজনৈতিক কর্মসূচি ও হানাহানিতে মারা যাওয়া ব্যক্তিদের পরিবারকে আমন্ত্রণ জানানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত