১০০ টাকায় পুলিশে চাকরি দেওয়ার ঘোষণা এসপির

আপডেট : ৩১ মে ২০১৯, ০১:৩৪ এএম

মাত্র ১০০ টাকা খরচে পুলিশ বিভাগে চাকরি দেওয়ার ঘোষণা দিয়েছেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার (এসপি) মাহবুবুর রহমান।

বৃহস্পতিবার দুপুরে তার সম্মেলন কক্ষে মিট দ্য প্রেস অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

এসপি মাহবুবুর বলেন, আগামী ২২ জুন চুয়াডাঙ্গাতে ১৮ জন কনস্টেবল পদে রিক্রুটিং হবে। এর মধ্যে পুরুষ ১৫ জন ও নারী ৩ জন। যারা চাকরিপ্রত্যাশী তারা ৩ টাকা মূল্যের একটি ফরম ও ১০০ টাকার ব্যাংক ড্রাফট করলেই মিলবে সোনার হরিণখ্যাত পুলিশের চাকরি।

পুলিশে নিয়োগে ঘুষ-দূর্নীতির কথা স্বীকার করে তিনি বলেন, ‘যারা পুলিশে চাকরি নিতে আসেন তারা প্রান্তিক ও গরিব। গতবার পুলিশে নিয়োগপ্রাপ্ত দুজনের বাড়িতে আমি নিজে গিয়ে জেনেছি হালের বলদ ও জমি বেঁচেও তাদের চাকরি হয়নি। পরে তারা লোন করে উৎকোচের টাকা দিয়ে পুলিশে চাকরি নিয়েছেন।’

এবার সবার সহযোগিতা নিয়ে চুয়াডাঙ্গায় শতভাগ নিরপেক্ষ নিয়োগ দেওয়ারও ঘোষণা দেন এসপি মাহবুবুর রহমান।  

অনুষ্ঠানে ঈদুল ফিতর উপলক্ষে জেলা পুলিশের পক্ষ থেকে নেওয়া নিরাপত্তামূলক কার্যক্রমের তথ্যও তুলে ধরা হয়।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কানাই লাল সরকার, মুহা: কলিমুল্লাহ, আবুল বাশার, আবু রাসেলসহ জেলার চারটি থানার ওসিসহ বিভিন্ন ইউনিটের কর্মকর্তারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত