কুমিল্লার তিতাসে আওয়ামী লীগ নেতা আরিফুজ্জামান খোকা সরকারি জমি দখলের পাশাপাশি সিএনজি স্ট্যান্ডগুলো নিয়ন্ত্রণে নিয়ে নিজের নামে টোকেন চালু করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
আসমানিয়া বাজার থেকে পাঁচটি রোডে তার দেওয়া টোকেন ছাড়া কোনো সিএনজি চলতে পারে না বলে অনেকে অভিযোগ করেন।
জানা গেছে, এসব তিনি নিয়ন্ত্রণ করেন বাজারের পাশে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) খাল ভরাট করে নির্মাণ করা আওয়ামী লীগ কার্যালয় থেকে। এছাড়া দলীয় কার্যালয়ের নামে পেছনে বানিয়েছেন নিজস্ব মার্কেট ।
অপরদিকে তিতাস উপজেলা আওয়ামী লীগের সদস্য ছালাউদ্দিন সরকার নারান্দিয়া ইউপি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পরই পাউবোর খাল দখল করে মার্কেট নির্মাণ করেন। এতে কালভার্ট বন্ধ হয়ে যাওয়ায় দুই বছর পর বাকি জায়গাটুকুও দখল নেয় করে নেন তিনি।
সরেজমিনে গিয়ে জানা যায়, নারান্দিয়া ইউনিয়নের আসমানিয়া বাজারের আশপাশের সরকারি জমি আওয়ামী লীগ ও ইউপি চেয়ারম্যান দখল করে নিয়েছেন। বাতাকান্দি জাহাপুর সংযোগ সড়কের মোড়ে কোয়া গোবিন্দপুর মৌজার পানি উন্নয়ন বোর্ডের সরকারি খাল ভরাট করে স্থাপনা নির্মাণের প্রতিযোগিতা শুরু হয় দুই বছর আগে। ছালাউদ্দিন সরকার নারান্দিয়া ইউপি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর জাহাপুর সড়কের আসমানিয়া বাজারের মুখে পানি উন্নয়ন বোর্ডের কালভার্টের মুখ বন্ধ করে মার্কেট নির্মাণ করে। এরপর স্থানীয় প্রভাবশালীদের মধ্যে শুরু হয় দখল প্রতিযোগিতা। চেয়ারম্যানের দখল করা মার্কেটের পেছনে বাতাকান্দি সড়কের পাশে দখল নেয় আওয়ামী লীগ সভাপতি আরিফুজ্জামান খোকা। চেয়ারম্যান এবং আওয়ামী লীগ নেতার দখল প্রতিযোগিতায় খাল ও কালভার্টের বন্ধ হওয়ায় খলিলাবাদসহ কয়েক গ্রামের পানি নিষ্কাশনসহ সুয়ারেজ লাইন বন্ধ হয়ে সাধারণ জনগণ দুর্ভোগ পোহাচ্ছেন ।
খলিলাবাদ গ্রামের কৃষক আব্দুল মুনাফ ও মোবারক মিয়া বলেন, বেড়িবাঁধের ভেতরে আমরা দুইবার ধান চাষ করতাম, নদীর সঙ্গে সংযোগ খাল ও কালভার্টটি স্থানীয় প্রভাবশালীরা ভরাট করে মার্কেট নির্মাণ করায় এখন একবার ফসল করেও ঘরে তুলতে কষ্ট হয়। কারণ বৃষ্টির পানিতে তলিয়ে যাওয়ার ভয়। আবার নদী থেকে পলি ওঠা বন্ধ হওয়ায় জমির উর্বরা শক্তিও কমে গেছে। আমরা এখন স্থায়ী জলাবদ্ধতার সম্মুখীন।
নারান্দিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আরিফুজ্জামান খোকা বলেন, সিএনজির টাকা আগে তুলতাম, এখন করি না। খাল এবং কালভার্ট আমি বন্ধ করিনি, বন্ধ করেছে ছালাউদ্দিন চেয়ারম্যান ও তার ভাইয়েরা। তারা বন্ধ করার পর পানি উন্নয়ন বোর্ড যাদের কাছ থেকে জমি অধিগ্রহণ করেছে, তাদের ওয়ারিশ থেকে আমি দখলস্বত্ব লিখে নিয়ে মার্কেট করেছি। আমার বাবা দীর্ঘদিন এই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন, আজ আমি হইছি, তাই দলকে ভালোবেসে আমার মার্কেটের সামনে দলীয় অফিস করেছি।
চেয়ারম্যান ছালাউদ্দিন সরকার এসব অভিযোগ অস্বীকার করেন এবং এ বিষয়ে কথা বলতে অপারগতা প্রকাশ করেন।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কুমিল্লার সহকারী প্রকৌশলী মো. শাহাদাৎ হোসেন দেশ রূপান্তরকে জানান, আসমানিয়া বাজারের আশপাশে সরকারি খাল কালভার্ট দখল করে প্রভাবশালীদের মার্কেট নির্মাণের তালিকা মন্ত্রণালয়ে পাঠিয়েছি। এখন অনুমতি পেলে উচ্ছেদ অভিযান শুরু হবে।
ভারপ্রাপ্ত তিতাস উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) মো. সাজেদুল ইসলাম বলেন, আমি এ উপজেলায় দায়িত্ব নিয়েছি মাত্র দু’মাস হলো। আসমানিয়া বাজারে খাল ও কালভার্ট ভরাট করে নির্মাণকৃত মার্কেট উচ্ছেদের ব্যাপারে নোট পাঠিয়েছি। আশা করছি ঈদের পর উচ্ছেদ অভিযান চালাতে পারব।
