মাছের টাকা পাওয়াকে কেন্দ্র করে এলাকায় মাইকিং করে বাজারের দোকানপাটে হামলা, ভঙচুরসহ লুটপাট করেছে একদল হামলাকারী। এ ঘটনায় অন্তত ৪ জন আহত হয়েছেন।
শনিবার দুপুরে দুর্গাপুর উপজেলার ডেউডুকুন বাজারে এ ঘটনা ঘটে। এসময় ২৫টির বেশি দোকানপাট ভঙচুর করে টাকা পয়সা ও মালামাল লুট করেছে হামলাকারীরা।
স্থানীয়রা জানায়, গত শুক্রবার বিকেলে বাজারের ব্যবসায়ী মনজুরুলের সঙ্গে সদর উপজেলার কেগাতী গ্রামের মাছ ব্যবসায়ী কমল মিয়ার পাওনা টাকা নিয়ে কথা-কাটাকাটি হয়। এরই জের ধরে মাছ ব্যবসায়ীদের পক্ষে কমল মিয়ার প্রতিবেশী ও সদরের কেগাতী ইউপি মেম্বার মানিক মিয়ার নেতৃত্বে মাইকিং করে বাজারে হামলা চালানো হয়।
এ সময় শাহিন, সাফায়েতসহ আরও কিছু ব্যবসায়ীর ওপর হামলা হয়। এতে আহত চারজনকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। খবর পেয়ে নেত্রকোনা সদর ও দুর্গাপুর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ব্যাপারে দুর্গাপুর থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, ভুক্তভোগীরা অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
