খুশির ঈদে লোকসানের শঙ্কায় লিচু ব্যবসায়ীরা

আপডেট : ০২ জুন ২০১৯, ০১:০৮ এএম

এবার লিচুর ফলন ভালো হওয়ায় বেশ খুশি হয়েছিলেন বাগান মালিক ও লিচু ব্যবসায়ীরা। তবে ঈদের আগে ও পরে মহাসড়কে মোট ছয় দিন পণ্যবাহী ট্রাক চলাচল বন্ধ ঘোষণায় বিপাকে পড়েছেন রাজশাহী, দিনাজপুর, পাবনা ও ঈশ্বরদীর লিচু ব্যবসায়ীরা। লিচুর এই ভরা মৌসুমে ট্রাক চলাচল বন্ধ থাকলে লিচু ব্যবসায়ীরা মোটা অঙ্কের ক্ষতির শঙ্কা করছেন। এদিকে পাকা লিচু গাছে বেশি দিন সংরক্ষণ করা যায় না। তা ছাড়া লিচু পচনশীল পণ্য হওয়ায় সময়মতো লিচু বিক্রি নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন বাগান মালিকরাও।

দিনাজপুর : ভরা মৌসুমে প্রতিদিন দিনাজপুর থেকে প্রায় ২৫-৩০ লাখ লিচু রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় নিয়ে যান লিচু ব্যবসায়ীরা। লিচু বাগানের মালিক ও ব্যবসায়ীরা জানান, ঈদ উপলক্ষে পণ্যবাহী ট্রাক চলাচল বন্ধ থাকলে এখানকার ব্যবসায়ী ও বাগান মালিকদের মাথায় হাত উঠবে এবার। দিনাজপুর সদরের মাসিমপুর এলাকার লিচু বাগানের মালিক রাজিউল ইসলাম বলেন, ‘শুনেছি ঈদের আগে ও পরে ট্রাক চলাচল বন্ধ থাকবে। সময়মতো লিচু বিক্রি না হলে লোকসান ঠেকানো যাবে না।’ দিনাজপুর জেলা ট্রাক ও ট্রাকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি আবদুর রহিম বলেন, ঈদযাত্রা নির্বিঘœ করতে ট্রাক চলাচল বন্ধ করেছে সরকার। তবে পচনশীল পণ্য পরিবহনে বাধা থাকবে না।

রাজশাহী : রাজশাহীর লিচু ব্যবসায়ীরা জানান, এখানবার লিচু সাধারণত কুরিয়ারে বিভিন্ন জেলায় যায়। তবে ঈদের বাজারে লিচুর ভালো চাহিদা থাকলেও বাইরে পাঠানো যাবে না। কারণ ২৭ রোজা থেকে পণ্যবাহী ট্রাকের পাশাপাশি সব কুরিয়ার সার্ভিসও বন্ধ থাকবে। সময়মতো লিচু বাজারজাত করতে না পারলে লোকসানের মুখে পড়তে হতে পারে বলে জানান লিচু ব্যবসায়ীরা।

ঈশ্বরদী (পাবনা) : ঈশ্বরদীতে এবার লিচুর বাম্পার ফলন হওয়ায় দাম খানিকটা কম। এদিকে ঈদের লম্বা ছুটি দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে লিচুচাষিদের। গতকাল শনিবার থেকে কুরিয়ার সার্ভিস এবং ট্রান্সপোর্ট কোম্পানিগুলো ঈশ্বরদী থেকে ঢাকাসহ বিভিন্ন এলাকার বুকিং বন্ধ করে দিয়েছে। আগামী এক সপ্তাহ বন্ধ থাকবে পণ্য পরিবহন সেবা। এ নিয়ে লিচু ব্যবসায়ীরাও দুশ্চিন্তায় রয়েছেন।

পাবনা : জেলা কৃষি বিভাগ বলছে, এবার জেলায় লিচুর বাজার সাত শ কোটি টাকা ছাড়িয়ে যাবে। তবে ঈদের আগে ও পরে ছয় দিন পণ্য পরিবহন বন্ধ ঘোষণায় বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। সংরক্ষণের ব্যবস্থা না থাকায় গাছ থেকে নামানোর অপেক্ষায় থাকা বিপুল পরিমাণ লিচু তাদের খুশির ঈদে দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। ঘরমুখো মানুষের ঈদযাত্রা নির্বিঘœ করতে, পণ্যবাহী ট্রাক চলাচল বন্ধ রাখলেও বিকল্প ব্যবস্থায় লিচু পরিবহনের দাবি জানিয়েছেন পাবনার লিচু বাগানের মালিক ও ব্যবসায়ীরা।

পাবনার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক শাফিউল ইসলাম জানান, লিচু ব্যবসায়ীদের সমস্যার বিষয়টি বাণিজ্য ও যোগাযোগ মন্ত্রণালয়ে জানানো হয়েছে। আশা করা হচ্ছে, বিশেষ ব্যবস্থায় লিচু পরিবহনের সিদ্ধান্ত আসবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত