অন্তঃসত্ত্বা গৃহবধূ দোলাকে (১৯) পূর্ব পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। হত্যার পর লাশ ঝুলিয়ে আত্মহত্যার প্রচার চালানো হয়। যৌতুকের জন্য দোলাকে হত্যা করা হয়েছে। সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেছেন পটুয়াখালীর কলাপাড়ার গৃহবধূ দোলার বাবা-মাসহ স্বজনরা। গতকাল শনিবার বেলা ১১টায় কলাপাড়া প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলন করা হয়।
লিখিত বক্তব্যে দোলার চাচা অমল কৃষ্ণ কর্মকার বলেন, মাদকাসক্ত স্বামী সম্রাট কর্মকার, শাশুড়ি সাধনা রানি, শ্বশুর বাবুল কর্মকার দোলাকে যৌতুকের জন্য মারধর করত। অশালীন আচরণ করত। সর্বশেষ দোলার তলপেটে লাথি মারে। এতে দোলা ডাক-চিৎকার করলে মুখে বালিশ চাপা দিয়ে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়।
উল্লেখ্য, গত ২৪ মে সন্ধ্যায় কলাপাড়া থানা-পুলিশ অন্তঃসত্ত্বা গৃহবধূ দোলার মৃতদেহ চিঙ্গরিয়ার স্বামীর ঘর থেকে উদ্ধার করে। পরিবারের সবাই এটি হত্যাকাণ্ড দাবি করেছেন।
কলাপাড়া থানার ওসি জানান, আদালতে করা মামলার আদেশ তার কাছে এখনো পৌঁছেনি।
