জঙ্গিরা আবারও হত্যার ডাক দিচ্ছে : নাসিম

আপডেট : ০২ জুন ২০১৯, ০৩:০৩ এএম

রাজধানীর গুলশানে হামলার পর আইনশৃঙ্খলা বাহিনী সাঁড়াশি অভিযান চালিয়ে জঙ্গিদের দমন করার কথা বললেও ফের জঙ্গি উত্থানের আশঙ্কা প্রকাশ করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম। গতকাল শনিবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ১৪ দলের ইফতার অনুষ্ঠানে এ শঙ্কার কথা জানান তিনি।

সম্প্রতি রাজধানীর গুলিস্তান ও মালিবাগে পুলিশকে লক্ষ্য করে দুটি ইম্প্রভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) হামলার ঘটনায় আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) নামে বার্তা আসার প্রেক্ষাপটে নাসিম বলেন, ‘এখন আবার নতুন করে জঙ্গিবাদের আওয়াজ পাই। আবারও মানুষ হত্যার ডাক দেওয়া হচ্ছে। যেকোনো সময় তারা মাথাচাড়া দিয়ে উঠতে পারে।’

১৪ দলের মুখপাত্র নাসিম আরও জানান, ঈদের পর জোট থেকে বিভাগ ও জেলা পর্যায়ে জঙ্গিবাদবিরোধী সমাবেশ করা হবে। 

অনুষ্ঠানে জাসদের সভাপতি হাসানুল হক ইনু বলেন, ‘বিএনপি বিরোধী দলের ভূমিকায় ছিল। তারা জঙ্গিবাদে জড়িয়ে বিরোধী দলের আনুষ্ঠানিক যোগ্যতা হারিয়েছে। এখন জাতীয় পার্টি বিরোধী দলের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। বিএনপি এখন রাষ্ট্রের শত্রু হিসেবে দাঁড়িয়েছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত