সড়কপথে হাতেগোনা কয়েকটি রুট ছাড়া প্রায় সবকটি রুটে যাত্রীদের থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী। কয়েক দিনের ঈদযাত্রা পর্যবেক্ষণ করে গতকাল শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ অভিযোগ করেন।
মোজাম্মেল হক বলেন, ‘নৌপথে লঞ্চের কর্মচারীরা ডেকে চাদর বিছিয়ে রেখে যাত্রীদের থেকে ২০০-৩০০ টাকা পর্যন্ত হাতিয়ে নিচ্ছে। আবার টিকিটেও বাড়তি ভাড়া গুনতে হচ্ছে। লঞ্চঘাট ও খেয়াঘাটগুলোতে নিয়োজিত ইজারাদাররা অতিরিক্ত টোল আদায়ের মহোৎসবে মেতে উঠেছে। সরকারের পক্ষ থেকে নানা ধরনের উদ্যোগ থাকা সত্ত্বেও যাত্রীরা এহেন হয়রানির শিকার হচ্ছেন।’ তিনি বলেন, ‘বেশিরভাগ ট্রেনের শিডিউল লণ্ডভণ্ড থাকায় রেলপথের যাত্রীরা পরিবার-পরিজন নিয়ে স্টেশনে এসে অবর্ণনীয় দুর্ভোগের শিকার হচ্ছেন। আকাশপথে কোনো কোনো রুটে ঈদযাত্রার টিকিট ৩ থেকে ৪ গুণ বেশি দামে কিনতে হচ্ছে।’
