গুদাম থেকে ভিজিএফের ১৯৫ বস্তা চাল উদ্ধার

আপডেট : ০৪ জুন ২০১৯, ০১:৪২ পিএম

রংপুরের বদরগঞ্জের কালুপাড়া ইউপি চেয়ারম্যানের মালিকানাধীন গুদাম থেকে ১৯৫ বস্তা ভিজিএফের চাল উদ্ধার করা হয়েছে। এ সময় একজনকে আটক করা হয়।

সোমবার রাতে পৌরশহরের বটপাড়ার গুদাম থেকে বস্তাগুলো উদ্ধার করেন বদরগঞ্জের ইউএনও নবীরুল ইসলাম। আটক ব্যক্তির নাম গোবিন্দ। তিনি পৌরশহরের থানাপাড়ার গোপাল চন্দ্র সরকারের ছেলে।

কালুপাড়া ইউপি চেয়ারম্যান শহিদুল হক মানিক বলেন, “১৩ বছর আগে মিল-চাতাল ভাড়া দিয়েছি। ভাড়াটিয়া কোন জায়গা থেকে চাল সংগ্রহ করেছেন, সেটা তার বিষয়। এসবের মধ্যে আমি কেন?”

তিনি আরও বলেন, যেসব বস্তা উদ্ধার করা হয়েছে তা ভিজিএফের চালের বস্তা নয়।
বদরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিছুর রহমান বলেন, আটক ব্যক্তি কখনো নিজে ওই চালের মালিক দাবি করছেন আবার কখনো ওই চালের মালিক মানিক চেয়ারম্যান বলে জানাচ্ছেন।
এদিকে, ভিজিএফের চাল লুটপাটের অভিযোগে মঙ্গলবার রামনাথপুর ইউপিতে ভিজিএফের চাল বিতরণ কার্যক্রম বন্ধ করে দিয়েছেন ইউএনও।

তিনি বলেন, “চাল বিতরণের মাস্টাররোল ও চালের মজুদ যাচাই করে অবশিষ্ট চাল বিতরণ করা হবে।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত