এসিড হামলার অভিযোগে সংগীতশিল্পী মিলার বিরুদ্ধে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় মামলা করেছেন তার সাবেক স্বামী পাইলট এস এম পারভেজ সানজারির বাবা এস এম নাসির উদ্দিন।
মিলা ছাড়াও এই মামলায় তার সহকারী পিটার কিমকেও আসামি করা হয়েছে।
মঙ্গলবার উত্তরা পশ্চিম থানায় এই মামলা দায়ের করা হয়। উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তপন চন্দ্র সাহা এই তথ্য নিশ্চিত করেছেন।
এর আগেও মিলার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করেছিলেন পারভেজ সানজারি। ওই মামলাটিও তদন্ত করছে পুলিশ।
ওসি বলেন, ‘মঙ্গলবার পারভেজ সানজারির বাবা এস এম নাসির উদ্দিন বাদী হয়ে এসিড অপরাধ দমন আইনের ৫ (খ) ৭ ধারায় একটি মামলা করেন। এজাহারে তিনি উল্লেখ করেছেন, বুধবার রাত ৮টার দিকে উত্তরায় তিন নম্বর সেক্টর এলাকার ৭/বি সড়কে পারভেজের গায়ে এসিড নিক্ষেপ করা হয়। এই ঘটনায় মিলা ও তার সহকারীকে দায়ী করেছেন তারা। আমরা মামলাটি তদন্ত করে দেখছি।’
পারভেজ সানজারি বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি রয়েছেন। এসিডে সানজারির দুই উরু, পেট, দুই হাত ও পায়ের কিছু অংশ ঝলসে গেছে।
সানজারি জানান, রবিবার রাতে মোটরসাইকেলে করে পাইলট ক্লাবে খেলা দেখতে যাচ্ছিলেন। এসময় দুর্বৃত্তরা তার পথরোধ করে শরীরে দাহ্য পদার্থ ছুড়ে দিয়ে পালিয়ে যায়। দুর্বৃত্তদের সঙ্গে তার সাবেক স্ত্রী মিলার সহকারী কিমকে দেখতে পান বলেও অভিযোগ করেন তিনি।
