আশুলিয়ায় পুলিশ পরিবহনকারী একটি অটোরিক্সার সাথে ট্রাকের সংঘর্ষের ঘটনায় নাদিম হোসেন (২৬) এক পুলিশ কনস্টেবলের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
এ ঘটনায় অটো চালক ও পুলিশের তিন সদস্যসহ আহত হয়েছে আরও চার জন। তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়েছে।
বুধবার সকালে আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কের গণকবাড়ি এলাকায় এ সড়ক দূর্ঘটনা ঘটে।
নিহত নাদিম হোসেন নওগাঁ জেলা সদর থানার উল্লাসপুর গ্রামের আনিসুর রহমানের ছেলে। সে আশুলিয়া শিল্প পুলিশ-১ এ কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। এছাড়া আহতরা হলো- শিল্প পুলিশের নায়েক জাকারিয়া, কনস্টেবল কাউছার, কনস্টেবল আকিনুর এবং অটো চালক আউয়াল।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মলয় সাহা জানান, আশুলিয়ায় ডিইপিজেডের নতুন জোন থেকে রাতের ডিউটি শেষ করে একটি ব্যাটারি চালিত অটোরিক্সায় করে ব্যারাকে ফিরছিল শিল্প পুলিশের চার সদস্য। তাদের বহনকারী অটোরিক্সাটি নবীনগর-চন্দ্রা মহাসড়কের গণকবাড়ির এলাকায় পৌঁছালে উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি লিচু বোঝাই ট্রাক তাদের চাপা দেয়। এসময় স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পুলিশ কনস্টেবল নাদিম হোসেনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় অটো চালকসহ আরও তিন পুলিশ সদস্যকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়েছে।
আশুলিয়া থানার ডিউটি অফিসার এসআই বিজন কুমার দাস বলেন, সড়ক দূর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহতের ঘটনায় লিচু বোঝাই ঘাতক ট্রাকের চালক ও হেলপারকে আটক করা হয়েছে। এছাড়া দূর্ঘটনা কবলিত গাড়ি দুটি উদ্ধার করে থানায় আনা হয়েছে।
এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনা করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান তিনি।
