মাগুরায় সেপটিক ট্যাংকে কাজ করার সময় গতকাল শুক্রবার সকালে বিষাক্ত গ্যাসে ২ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া দুজন হলেন নির্মাণশ্রমিক পলাশ রায় (২৭) ও মাইক্রোবাসচালক মনিরুল ইসলাম (৩০)।
শ্রীপুর থানার ওসি মাহবুবুর রহমান জানান, শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে মাগুরার শ্রীপুর উপজেলার খামারপাড়া মোড়ে নির্মাণাধীন মোসলেম মার্কেটের সেপটিক ট্যাংকে পলাশ রায় কাজ করতে নামলে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হন। এ সময় তিনি চিৎকার করতে করতে একপর্যায়ে অচেতন হয়ে পড়েন। তাকে রক্ষা করতে গিয়ে প্রতিবেশী মাইক্রোবাসচালক মনিরুল ইসলাম সেপটিক ট্যাংকে নামলে তিনিও অচেতন হয়ে পড়েন।
পরে শ্রীপুর উপজেলা ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মমতাজ মজিদ জানান, বিষাক্ত গ্যাসের কারণেই তাদের মৃত্যু হয়েছে। পলাশ রায় পার্শ্ববর্তী চিলগাড়ী গ্রামের কুমারেশ রায়ের ছেলে ও মনিরুল একই উপজেলার টুপিপাড়া গ্রামের গফুর বিশ্বাসের ছেলে।
