মায়ের সাথে কথা কাটাকাটির পর আত্মহত্যা করেছে ছেলে। এমন খবরে বিষ পান করেছেন মা। তাকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার দুপুরে যশোরের মণিরামপুর উপজেলার কুলটিয়া ইউনিয়নের পোড়াডাঙ্গা গ্রামে এই ঘটনাটি ঘটে।
এলাকাবাসী ও মনিরামপুর থানার এসআই তপন কুমার সিংহ জানান, পোড়াডাঙ্গা গ্রামের মনিপদ কর্মকারের ছেলে হিরন কর্মকার (৩১) ব্যবসা করতে গিয়ে দেনাগ্রস্ত হয়ে পড়েন। এ নিয়ে শনিবার সকালে বাড়িতে মায়ের সাথে তার ঝগড়া হয়। এক পর্যায়ে অভিমান করে হিরন সবার অজান্তে বাড়ির পাশে একটি আমগাছের সাথে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন।
ছেলের মৃত্যুর পর মা দিপালী রানী কর্মকার দুপুর দুইটার দিকে বিষপানে আত্মহত্যার চেষ্টা করেন। মুমূর্ষ অবস্থায় মাকে উদ্ধারের পর পার্শ্ববর্তী অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ দিকে খবর পেয়ে পুলিশ নিহত হিরনের মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতালের মর্গে পাঠায়।
মনিরামপুর থানার ওসি রফিকুল ইসলাম জানান, এ ঘটনায় নিহতের স্ত্রী স্বপ্না রানী একটি অপমৃত্যু মামলা করেছেন।
