শিশুদের সঙ্গে ঈদ উৎসবে মেয়র আতিকুল

আপডেট : ০৮ জুন ২০১৯, ১০:১৫ পিএম

সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে ঈদ উৎসবে মিলিত হয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।

শনিবার বিকেল সাড়ে ৪টায় রাজধানীর কড়াইল আদর্শ নগর, এরশাদ স্কুলে তিনি সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে উৎসব উদ্‌যাপন করেন।

এ উপলক্ষে এরশাদ স্কুল প্রাঙ্গণে সুবিধাবঞ্চিত শিশু-কিশোরদের জন্য ফুটবল, ক্রিকেটসহ বিভিন্ন খেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় বিজয়ী শিশু-কিশোরদের পুরস্কৃত করা হয়।

অংশগ্রহণকারী প্রতিটি শিশুকে 'মুজিব কমিকস' উপহার দেওয়া হয়। সুবিধাবঞ্চিত শিশুদের জন্য বাহারি ঈদ আপ্যায়নের ব্যবস্থাও ছিল।

মেয়র আতিকুল ইসলাম ফুটবল খেলা এবং নাগরদোলায় চড়াসহ বিভিন্ন ইভেন্টে শিশুদের সঙ্গে অংশ নেন। মেয়রকে কাছে পেয়ে শিশুরা আনন্দে মেতে ওঠে।

ঈদ উৎসবে মেয়র বলেন, ‘বস্তির উন্নয়নে ডিএনসিসি আরো মনোযোগী হবে। বিশেষ করে শিশু-কিশোরদের মানসিক ও শারীরিক বিকাশে সম্ভাব্য সব পদক্ষেপ গ্রহণ করা হবে’।

তিনি আরো বলেন, সুবিধাবঞ্চিত শিশুদের উন্নয়নে ডিএনসিসির পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে।

ঈদ উৎসবে অন্যান্যের মধ্যে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রবীন্দ্রশ্রী বড়ুয়া, ওয়ার্ড কাউন্সিলর মফিজুর রহমান, আফসার উদ্দিন খান এবং ডিএনসিসির অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত