দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী, আজ সংবাদ সম্মেলন

আপডেট : ০৯ জুন ২০১৯, ০১:৫৬ এএম

তিন দেশে ১১ দিনের সরকারি সফর শেষে গতকাল শনিবার সকালে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাপান, সৌদি আরব ও ফিনল্যান্ডে এই সফর নিয়ে আজ বিকেল ৫টায় গণভবনে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন হবে।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম দেশ রূপান্তরকে এ তথ্য নিশ্চিত করেন। প্রেস উইংয়ের দেওয়া তথ্যমতে, গতকাল সকাল ১০টা ৫৫ মিনিটে প্রধানমন্ত্রী এবং তার সফরসঙ্গীদের বহনকারী বাংলাদেশ বিমানের বিশেষ উড়োজাহাজ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। এর আগে শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা সাতটায় কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কি ত্যাগ করেন প্রধানমন্ত্রী। তিনি স্থানীয় সময় রাত ১২টা ৫০ মিনিটে দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সেখানে দুই ঘণ্টা বিশ্রাম করে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্লেনে রাত দুইটায় ঢাকার উদ্দেশে রওনা দেন তিনি। ফিনল্যান্ডে থাকার সময় প্রধানমন্ত্রী ৪ জুন দেশটির প্রেসিডেন্ট সাউলি নিনিস্তোর সঙ্গে বৈঠক করেন। পরদিন সর্ব ইউরোপীয় আওয়ামী লীগের দেওয়া এক সংবর্ধনায় যোগ দেন তিনি। গত ২৮ মে প্রধানমন্ত্রী তিন দেশ সফরে টোকিওর উদ্দেশে ঢাকা ছাড়েন। জাপানে চার দিনের সফরে শেখ হাসিনা

 

ও জাপানের প্রধানমন্ত্রী আবে শিনজোর মধ্যে বৈঠক শেষে দুই দেশ আড়াই বিলিয়ন মার্কিন ডলারের ৪০তম ওডিএ চুক্তি সই করে। এ ছাড়া প্রধানমন্ত্রী ‘ফিউচার ফর এশিয়া’বিষয়ক নিক্কেই সম্মেলনে যোগ দেন। ওই সম্মেলনে শেখ হাসিনা মূল প্রবন্ধ উপস্থাপন করেন। জাপানের ব্যবসায়ী নেতাদের সঙ্গেও গোলটেবিল বৈঠক করেন তিনি। টোকিও থেকে সৌদি আরবে যান প্রধানমন্ত্রী। সেখানে তিন দিনের সফরে প্রধানমন্ত্রী মক্কায় অনুষ্ঠিত ১৪তম ওআইসি শীর্ষ সম্মেলনে যোগ দেন। এরপর ৩ জুন প্রধানমন্ত্রী জেদ্দা থেকে হেলসিঙ্কি পৌঁছান।

গতকাল সকালে বিমানবন্দর পৌঁছালে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন, প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী লিটন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত