প্রেমের টানে সীমান্ত পেরিয়ে কিশোরী ফেরাল বিজিবি

আপডেট : ০৯ জুন ২০১৯, ০২:৩৪ এএম

সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে বন্ধুত্ব, তারপর বছর দুয়েক ধরে  মেসেঞ্জারে ভাববিনিময়ের একপর্যায়ে বন্ধুত্ব রূপ নেয় প্রেমে। আর প্রেমিককে কাছে পেতে সীমান্তরক্ষীদের রক্তচক্ষু উপেক্ষা করে কাঁটাতারের বেড়া পেরিয়ে বাংলাদেশে ঢুকে পড়ে ভারতীয় কিশোরী রোজিনাখাতুন (১৬)। তারপর সোজা চলে যায় কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তের গোরকম-ল গ্রামে প্রেমিক জাহিদ হাসানের (২০) বাড়িতে। গত শুক্রবার রাতে এ ঘটনা ঘটে বলে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কর্মকর্তারা জানিয়েছেন।

বিজিবি কর্মকর্তারা দেশ রূপান্তরকে জানান, শুক্রবার রাত ১১টার দিকে রোজিনা তার পরিবারের অজান্তে ভারত-বাংলাদেশ সীমান্ত পেরিয়ে গোরকম-ল গ্রামের মাহালম মিয়ার ছেলে জাহিদ হাসানের কাছে চলে আসে। পরে রোজিনার পরিবারের সদস্যরা বিষয়টি খারিদা হরিদাস ক্যাম্পের বিএসএফ সদস্যদের জানায়। বিএসএফ তরুণীকে উদ্ধারের জন্য গতকাল শনিবার সকালে গোরকম-ল বিজিবি ক্যাম্পে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠায়। এরপর তৎপর হয়ে ওঠে বিজিবি সদস্যরা। তারা ওই কিশোরীকে লালমনিরহাট জেলার কুলাহাট বাজার থেকে উদ্ধার করে। পরে গতকাল দুপুর দেড়টায় সীমান্তের শূন্যরেখায় বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক হয়। ওই বৈঠকে মা-বাবা এবং আত্মীয়স্বজনের উপস্থিতিতে রোজিনাকে বিএসএফের কাছে হস্তান্তর করা হয়। পতাকা বৈঠকে লালমনিরহাট ১৫ বিজিবির শিমুলবাড়ী কোম্পানি কমান্ডার গোলাম মোহাম্মদ এবং ভারতের পক্ষে বিএসএফের খারিদা হরিদাস ক্যাম্পের কোম্পানি কমান্ডার অশোক কুমার উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত