চট্টগ্রামের ফটিকছড়িতে আব্দুর রহিম বাদশা (৩০) নামের এক যুবককে নিজ বাড়িতে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। শনিবার রাত ১২টার দিকে ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বরইতলী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত বাদশা বরইতলী গ্রামের মুবিন সর্দার বাড়ীর মুবিন সর্দারের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাতে বরইতলীতে সন্ত্রাসীরা (শান্তিবাহিনী) বাদশাকে নিজ ঘরে গুলি করে হত্যা করে। তপন নামের একজনের সঙ্গে নিহত বাদশা'র দীর্ঘদিন ধরে আর্থিক লেনদেন সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে তাকে হত্যা করা হতে পারে বলে জানান স্থানীয়রা।
এ ব্যাপারে ভূজপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আব্দুল্লাহ দেশ রূপান্তরকে বলেন, “খবর পেয়ে রোববার সকাল সাড়ে ১১টায় ঘটনাস্থল থেকে নিহত বাদশার লাশ উদ্ধার করি। পাহাড়ি সন্ত্রাসীরা তাকে গুলি করে হত্যা করেছে বলে জেনেছি। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।”
