সাতক্ষীরার কুচপুকুর এলাকায় মুকুল হোসেন (৪৫) নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে শহরের বাইপাস সড়কের ইটভাটা সংলগ্ন কুচপুকুর এলাকা থেকে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, “মুকুল হোসেন সাতক্ষীরা শহরের বাঁকাল ইসলামপুর এলাকার বাসিন্দা। সকালে সাতক্ষীরার কুচপুকুর এলাকায় মুখ ও হাত-পা বাঁধা অবস্থায় এক ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখে তারা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে। মৃতদেহ থেকে দুর্গন্ধ ছড়াচ্ছিল। ধারণা করা হচ্ছে- দুই/তিন দিন আগে তাকে মেরে ভোরে এখানে ফেলে গেছে দুর্বৃত্তরা।”
ওসি মোস্তাফিজুর রহমান জানান, নিহত ব্যক্তি মুকুল চোর নামে পরিচিত। তার বিরুদ্ধে সদর থানায় ১০ থেকে ১২টি মামলা রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে কী কারণে তাকে হত্যা করা হয়েছে সে সম্পর্কে কিছু বলতে পারেননি ওসি।
