গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছেন এক কলেজছাত্রী। হয় বউ, না হয় লাশ হয়ে প্রেমিকের বাড়ির শ্মশানে যাবেন বলে জানিয়েছেন এই অবস্থানকারী।
জানা গেছে, উপজেলার কলাবাড়ি ইউনিয়নের বৈকণ্ঠপুর গ্রামের মলয় ঘটকের ছেলে তরুন ঘটকের সঙ্গে মাদারীপুরের অনার্স তৃতীয় বর্ষের এক ছাত্রীর গত ৪ বছর ধরে প্রেমের সম্পর্ক চলে আসছিল।
গত বৃহস্পতিবার তরুন ঘটক ওই ছাত্রীকে বিয়ের কথা বলে ফোন দিয়ে তার বাড়িতে আসতে বলেন। ওই দিনই ফোন পেয়ে ওই ছাত্রী তরুন ঘটকের বাড়িতে আসেন। ওই ছাত্রী তরুনের বাড়িতে আসার পর তাকে মারধর করে তরুন বাড়ি থেকে পালিয়ে যায়।
তরুন ঘটকের বাড়িতে অবস্থানকারী ওই ছাত্রী বলেন, “তরুনের সঙ্গে ৪ বছর আগে মোবাইল ফোনের মাধ্যমে আমার সঙ্গে পরিচয় হয়। এরপর কালকিনিতে বসে আমাদের দু’জনের সাক্ষাৎ হয়। সেখান থেকে প্রেম। তরুন আমাকে বিয়ের আশ্বাস দিয়ে বিভিন্ন সময় ঢাকায় নিয়ে তার সায়েদাবাদের বাসায় রেখেছে। গত বৃহস্পতিবার তরুন আমাকে ফোন করে বাড়িতে এনে মারধর করেছে। ও যদি এখন আমাকে বিয়ে না করে তাহলে এই বাড়িতেই আমি আত্মহত্যা করবো।
তরুনের মা ইতি ঘটক বলেন, “এই মেয়ে ও তরুনের মাঝে প্রেম সম্পর্কে আমরা কিছুই জানি না। তরুন ঢাকায় লেখাপড়া করে। বর্তমানে তরুন ঢাকায় আছে। এই বিষয়টি সমাধানের জন্য দু’পক্ষের অভিভাবকদের মাঝে আলোচনা চলছে।”
