ভারতে আলোচিত আসিফার গণধর্ষণ-হত্যায় ৩ জনের যাবজ্জীবন

আপডেট : ১০ জুন ২০১৯, ০৭:০৯ পিএম

ভারতের আলোচিত শিশু আসিফা বানু গণধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় ৬ জনকে দোষী সাব্যস্ত করেছে দেশটির একটি আদালত।

গত বছর জানুয়ারি জম্মু-কাশ্মীরের কাঠুয়ায় আট বছরের এ মুসলিম শিশুকে অপহরণ করে মন্দিরে আটকে রেখে গণধর্ষণের পর হত্যা করা হয়।

অপহরণের পর সাতদিন পর আসিফার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় ভারতজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। অপরাধীদের শাস্তির দাবিতে রাস্তায় নেমে আসে মানুষ।

এনডিটিভি জানায়, অভিযুক্ত ৭ জনের মধ্যে ছ’জনকে দোষী সাব্যস্ত করে আদালত। তাদের মধ্যে ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ৩ জনের প্রত্যেকের ৫ বছর করে কারাদণ্ড হয়েছে। একজনকে মুক্তি দিয়েছে আদালত। তবে যে সমস্ত ধারায় চার্জশিট জমা পড়েছে তাতে ফাঁসির সাজা দেওয়ার সম্ভাবনা ছিল বলে মনে করেন আইনজীবী মহলের একটা বড় অংশ।

দোষী সাব্যস্ত হয়েছে  প্রাক্তন রাজস্ব কর্মকর্তা সাঞ্জি রাম, তার বন্ধু  প্রবেশ কুমার, আনন্দ দত্ত, তিলক রাজ,  দীপক খাজুরিয়া এবং সুরেন্দর বর্মা। এর মধ্যে  সাঞ্জি রামসহ আরও দুজনকে বাকি জীবন জেলেই কাটাতে  হবে।   

ঘটনার তিন দিন বাদে এক অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। তার বয়স নিয়ে কিছুটা সংশয় থাকায় এখনো তার বিচার প্রক্রিয়া শুরু হয়নি। সে নাবালক কিনা তা খতিয়ে দেখবে জম্মু-কাশ্মীরের হাইকোর্ট। এরপর তাকে এই মামলায় অন্তর্ভুক্ত করা নিয়ে সিদ্ধান্ত হবে।

এ ঘটনার তদন্ত শুরু করে ক্রাইম ব্রাঞ্চ। কিন্তু তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ একজন সাব-ইন্সপেক্টর ও হেড কনস্টেবলকে গ্রেপ্তার করা হয়। ঘটনার মূল অভিযুক্ত প্রাক্তন রাজস্ব কর্মকর্তা সাঞ্জি রাম মার্চ মাসের ২০ তারিখ আত্মসমর্পণ করে।

ক্রাইম ব্রাঞ্চ তদন্তে ওঠে আসে, সংখ্যালঘুকে সম্প্রদায়কে ভয় দেখাতেই এই ঘটনা ঘটানো হয়েছে।

এদিকে এ ঘটনাকে ঘিরে বিজেপি এবং তাদের তৎকালীন জোট শরিক পিডিপি'র মধ্যে পাল্টাপাল্টি অবস্থান নিতে দেখা যায়।  বিজেপি নেতা তথা রাজ্যের দুই মন্ত্রী  চৌধুরী লাল সিং এবং প্রকাশ গঙ্গা অভিযুক্তদের হয়ে মিছিলে করেন।

তবে এ রায়কে স্বাগত জানিয়েছেন কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহেবুবা মুফতি।  তিনি বলেন, “এই রায়কে আমি  স্বাগত জানাই। তাছাড়া এ নিয়ে যে রাজনীতি চলছে তা আমাদের বন্ধ করে দেওয়া উচিত। আইনের ফাঁক ফোঁকরের সুযোগ যাতে কেউ নিতে না পারে তা আমাদের দেখতে হবে।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত