রাজবাড়ীতে আগুনে পুড়িয়ে স্কুলছাত্রীকে হত্যা চেষ্টার ঘটনায় গ্রেপ্তারকৃত মূল আসামি শিল্পী বেগম (৪৫) ও তার ভাগ্নে গোলাম রায়হান সেতুকে (১৮) কারাগারে পাঠানো হয়েছে।
গতকাল সোমবার রাজবাড়ীর ১ নম্বর আমলি আদালতের বিচারক আবু হাসান খায়রুল্লাহ তাদের দু’জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে গত রবিবার সকালে রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড় এলাকা থেকে রাজবাড়ী থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে।
মামলার তদন্তকারী কর্মকর্তা রাজবাড়ী থানার এসআই এনছের আলী জানান, রবিবার বিকেলে রাজবাড়ী সদর হাসপাতালে ভিকটিমের ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।
তবে এ বিষয়ে কোনো তথ্যই দিতে পারেননি রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. দীপক কুমার প্রামানিক। তিনি জানান, গত ৫ জুন থেকে আজ (গতকাল সোমবার) পর্যন্ত হাসপাতালের রেজিস্টারে অগ্নিদগ্ধ কোনো রোগীর নাম লিপিবদ্ধ নেই।
এদিকে, আদালত সূত্র জানায়, ওই দুই আসামিকে নিবিড় জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের পুলিশ রিমান্ডের আবেদন জানানো হয়েছে।
