নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় ক্ষেতের ধান কেটে না দেওয়ার জেরে দু’দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দুপুরে এ ঘটনাটি ঘটে উপজেলার দুর্গাপুর গ্রামে। এতে উভয়পক্ষের অন্তত ৪০ জন আহত হয়েছে। এদের মধ্যে গুরুতর আহত ১৭ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ও নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এর মধ্যে সুমা রানী নামে এক নারী আহত হয়েছেন। তিনি দুর্গাপুরের বাসিন্দা।
কেন্দুয়া থানার ওসি রাশেদুজ্জামান জানান, গত বৈশাখে দুর্গাপুর গ্রামের মহিমউদ্দিনের ক্ষেতের ধান কেটে দেওয়ার কথা ছিল পাশর্^বর্তী কান্দাপাড়া গ্রামের হাসু মিয়াসহ কয়েকজনের। তা না দেওয়ায় গত সোমবার সন্ধ্যায় কান্দাপাড়া গ্রামের হাসু মিয়া ও দুর্গাপুর গ্রামের মহিমউদ্দিনের মধ্যে ঝগড়া হয়। বিষয়টি স্থানীয়রা রাতেই মীমাংসা করে দেয়। এরপর গতকাল দুপুরে ওই ঘটনার জেরে দুর্গাপুর গ্রামে উভয়পক্ষের লোকেরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্গাপুর মোড় ও কেন্দুয়া উপজেলা হাসপাতালে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় দেশীয় অস্ত্র জব্দ ও ১৩ জনকে আটক করা হয়েছে বলে জানান ওসি।
