সমুদ্রে মাছ ধরায় ৬৫ দিনের নিষেধাজ্ঞার প্রতিবাদে জেলেদের পর এবার আন্দোলনে নেমেছেন মাছ ব্যবসায়ী ও বোট মালিকরা। গতকাল মঙ্গলবার সকালে তারা চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে শাহ আমানত সেতুর গোলচত্বর এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। সোনালী যান্ত্রিক মৎস্য শিল্প সমবায় সমিতি ও সামুদ্রিক মৎস্য আহরণকারী বোট মালিক সমিতি যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে। ৭২ ঘণ্টার মধ্যে মাছ ধরায় নিষেধাজ্ঞা প্রত্যাহার না করলে আবার রাজপথে নামার ঘোষণা দিয়েছেন সংগঠন দুটির নেতারা। সরকারি নিষেধাজ্ঞার কারণে গত ২০ মে থেকে সাগরে মাছধরা বন্ধ আছে। ৬৫ দিনের নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হবে ২৩ জুলাই।
সোনালী যান্ত্রিক মৎস্য শিল্প সমবায় সমিতির সাধারণ সম্পাদক আমিনুল হক বাবুল সরকার দেশ রূপান্তরকে বলেন, ‘বৈশাখ থেকে আষাঢ় মাস হচ্ছে ইলিশ ধরার মৌসুম। ইলিশের ভরা মৌসুমে মাছধরা বন্ধ ঘোষণায় জেলেরা সাগরে যেতে পারছেন না। এই মুহূর্তে রুপালি ইলিশের হাসিতে জেলেদের মুখেও হাসি থাকার কথা। কিন্তু তারা এখন অনাহারে-অর্ধাহারে মানবেতর জীবনযাপন করছেন।’
