রাজধানীর শ্যামপুরে পাইপ রাস্তার মোড়ে গ্যাসলাইন বিস্ফোরণে আবির (৮) নামে এক শিশু নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে তার মা সাথী আক্তার (৩০), বোন আদিবা (১০) এবং রুবেল (৩০) নামে এক ভ্যানচালক আহত হয়।
আবিরদের বাসা ধূপখোলা মুরগিটোলা এলাকায়। বাবার নাম সজীব। আবির গে-ারিয়া মহিলা সমিতি স্কুলের প্রথম শ্রেণিতে পড়ত। আর আদিবা ওই স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্রী।
আবিরের খালা আঁখি আক্তার জানান, আবিরের পরিবার পাইপ রাস্তা এলাকায় তার বাসায় বেড়াতে যায়। সেখান থেকে সন্ধ্যায় মীর হাজীরবাগে আরেক খালার বাসায় যাচ্ছিল। পাইপ রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় রাস্তার নিচ থেকে বিকট শব্দে বিস্ফোরণ হয়। এতে পাকা রাস্তার বড় বড় আস্তরণ আবিরের মাথায় ও আদিবার পাসহ শরীরে এসে পড়ে। এ সময় সাথীও পায়ে আঘাত পায়। তাৎক্ষণিক তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়। রাত ৮টার দিকে আবিরকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। লাশ মর্গে রাখা হয়েছে বলে জানান ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের টেলিফোন অপারেটর আবদুর রহমান জানান, পাইপ রাস্তার মোড়ে গ্যাসলাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে তিনজন আহত হয়।
