সাংবাদিকের মুখে মূত্রত্যাগ করল পুলিশ! (ভিডিও)

আপডেট : ১২ জুন ২০১৯, ০৩:১২ পিএম

ট্রেন লাইনচ্যুত হওয়ার সংবাদ সংগ্রহ করতে গিয়েছিলেন ওই সাংবাদিক। কিন্তু সেখানে গিয়ে ‘বে-লাইন’ রেল পুলিশের হাতে যে নির্যাতনের মুখে পড়েছেন, সেটা ভাষায় প্রকাশ করার মতো নয়।

হাতেনাতে চোর-ছিনতাইকারী ধরলে যেভাবে পিটুনি দেওয়া হয়, তেমনই বেধড়ক মারধর করা হয় ওই সাংবাদিককে। এখানেই থেমে থাকেনি রেলওয়ে পুলিশের কর্মকর্তারা। প্রস্রাব করে দেয় সাংবাদিকের মুখে!

নিউজ টুয়েন্টি ফোর টেলিভিশন চ্যানেলের সাংবাদিক অমিত শর্মা ভারতের উত্তরপ্রদেশে এমন অকথ্য নির্যাতনের শিকার হন বলে জানায় এনডিটিভি।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ওই সাংবাদিককে রেল পুলিশের একটি দল লাঞ্ছিত ও শারীরিক নির্যাতন করছে। একের পর এক মারা হচ্ছে কিল-ঘুষি আর লাথি।

সাংবাদিক অমিত জানান, শামলি জেলার একটি ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনার সংবাদ সংগ্রহ করতে গিয়েই এমন হেনস্তার মুখে পড়েছেন তিনি। রেল পুলিশ কর্মীদের একটি দল তাকে সারারাত তালাবদ্ধ করে রেখে অত্যাচার চালায়।

তিনি বলেন, “ওরা সাদা পোশাকে ছিল। আমার ক্যামেরাটিতে আঘাত করে একজন এবং তা নিচে পড়ে যায়। আমি যখন ক্যামেরা তুলতে যাই, ওরা আমাকে মারে। আমার পোশাক খুলে নেওয়া হয় এবং মুখে প্রস্রাব করে দেয়।”

অভিযোগ, ঘটনাস্থলে উপস্থিত রেলের সরকারি পুলিশ কর্মকর্তা অমিত শর্মাকে নির্যাতন ও মারধর করেন। তার ক্যামেরা ও ফোন ছিনিয়ে নেন তারা।

খবর পেয়েই স্থানীয় আরও কয়েকজন সাংবাদিক পুলিশ স্টেশনে ছুটে যান। রেল পুলিশ কর্মকর্তাদের অমিতকে মারধর করার ভিডিওটি সামাজিক মাধ্যমে আপলোড করে দেন।

সাংবাদিকরা পুলিশ সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গেও যোগাযোগ করেন। স্থানীয় থানায় অন্য সাংবাদিকদের বিক্ষোভের পর বুধবার সকালে ছেড়ে দেওয়া হয় অমিত শর্মাকে।

উত্তরপ্রদেশ পুলিশ ভিডিওটি দেখে জানিয়েছে, রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) ও একজন কনস্টেবলকে বরখাস্ত করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত