নরসিংদী থেকে অপহরণের ১১ দিন পর সিয়াম (৯) নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গতকাল শুক্রবার সকালে বরিশালের হিজলা উপজেলার চর আবুপুর গ্রামের দুর্গম চর থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় সিয়ামের দূরসম্পর্কের মামা সাফায়েতকে (২২) গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
নিহত সিয়াম শিবপুর উপজেলার কারারচর এলাকার নুরু উদ্দিনের ছেলে।
নরসিংদী জেলার গোয়েন্দা পুলিশ জানায়, ২ জুন বিকেলে উপজেলার কারারচর এলাকার নুরু উদ্দিনের ছেলে সিয়াম বাড়ি থেকে খেলার জন্য বের হয়ে নিখোঁজ হয়। পরে সিয়ামের মায়ের কাছে সিয়াম অপহরণ হওয়ার ফোন আসে। অপহরণকারীরা তার কাছে মুক্তিপণ দাবি করে। অপহরণকারীদের কথামতো সিয়ামের মা ৩০ হাজার টাকা মুক্তিপণও দেন। মুক্তিপণ দেওয়ার পরও সিয়ামকে ফিরিয়ে না দেওয়ায় ৯ জুন সিয়ামের বাবা বাদী হয়ে শিবপুর মডেল থানায় মামলা করেন। এরপরই তদন্তে নামে থানা ও গোয়েন্দা পুলিশ। প্রাথমিক সন্দেহে সিয়ামের দূরসম্পর্কের মামা সাফায়েতকে আটক করা হয়। গোয়েন্দা পুলিশের জিজ্ঞাসাবাদে সাফায়েত সিয়ামকে অপহরণের কথা স্বীকার করে। সাফায়েত জানায়, সিয়াম তার ভাগিনা হওয়ায় মুক্তিপণ নেওয়ার পর যদি তাকে ছেড়ে দেওয়া হয় সে সবাইকে তার কথা বলে দেবে। এ জন্য সিয়ামকে ঢাকার সদরঘাট হয়ে বরিশালের হিজলা উপজেলার দুর্গম একটি চরে নিয়ে হত্যা করে লাশ ফেলে রেখে চলে আসে।
নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশের এএসআই রূপম কুমার সরকার বলেন, গ্রেপ্তার সাফায়েতের দেওয়া তথ্যমতে, সিয়ামের লাশ উদ্ধার করি। সাফায়েত তার পরিচয় ফাঁস হয়ে যাওয়ার ভয়ে সিয়ামকে হত্যা করে।
