লক্ষ্মীপুরে ছাত্রলীগের আনন্দ মিছিলে দুই পক্ষের ধাওয়া-পাল্টাধাওয়া ও হাতাহাতির ঘটনায় চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের আহ্বায়ক কাজী মামুনুর রশিদ বাবলুসহ আহত হয়েছেন ১০ নেতাকর্মী। গতকাল শনিবার দুপুরে শহরের দক্ষিণ তেমুহনী এলাকায় লক্ষ্মীপুর সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি ও চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের আহ্বায়ক পক্ষের সমর্থকদের মধ্যে এ ঘটনা ঘটে।
আহতদের সদর হাসপাতাল ও স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে পুলিশ।
পুলিশ ও ছাত্রলীগের নেতাকর্মীরা জানান, বাজেট ঘোষণাকে স্বাগত জানিয়ে জেলা ছাত্রলীগের উদ্যোগে লক্ষ্মীপুরে আনন্দ মিছিল বের করা হয়। দুপুরে শহরের উত্তর তেমুহনী এলাকা থেকে আনন্দ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে দক্ষিণ তেমুহনী এলাকায় গিয়ে শেষ হয়।
মিছিলের সময় ছাত্রলীগের একটি পক্ষ মিছিলের সামনে যেতে চাইলে লক্ষ্মীপুর সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি ফাহাদ বিনতে মাহী ও চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের আহ্বায়ক কাজী মামুনুর রশিদ বাবলুর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও হাতাহাতির ঘটনা ঘটে।
