গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ বন্দি ১০ বছরের সাজাপ্রাপ্ত মিয়ানমারের এক নাগরিকের মৃত্যু হয়েছে। গত শুক্রবার রাত পৌনে ১০টার দিকে জেলার শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওই ব্যক্তির নাম ইয়াসিন আরাফাত (২৭)। তিনি মিয়ানমারের আকিয়াব জেলার মন্ডুথানার হাসুধারা এলাকার প্রয়াত হাবিবুর রহমানের ছেলে। ঢাকার লালবাগ থানায় বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় তার ১০ বছরের সাজা হয়েছিল।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা জানান, কারাগারের ভেতর হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন ইয়াসিন আরাফাত। ওই সময় তাকে কারা হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক ইয়াসিন আরাফাতকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, লালবাগ থানায় বিস্ফোরক দ্রব্য মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত হিসেবে ২০১৪ সাল থেকে ইয়াসিন আরাফাত এ কারাগারে বন্দি ছিলেন। তার কয়েদি নম্বর ৬৩৩৫। মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
