পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের পঞ্চম ধাপে আগামীকাল মঙ্গলবার শেরপুরের নকলা উপজেলা পরিষদ নির্বাচনের ভোট। নকলার এ নির্বাচনে বিএনপি মাঠে না থাকলেও আওয়ামী লীগের ভয় বিদ্রোহী প্রার্থীকে নিয়ে।
এই উপজেলায় চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের প্রার্থী হয়েছেন নকলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জিন্নাহ। তিনি তৃণমূলের ভোটে নির্বাচিত এবং কেন্দ্রীয় আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সিদ্ধান্তে প্রার্থী হয়েছেন। আর স্বতন্ত্র (বিদ্রোহী) প্রার্থী হিসেবে ভোটের মাঠে লড়ছেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলার সাবেক চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন। তিনি এর আগেও উপজেলা নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় উপজেলা আওয়ামী লীগে তার যুগ্ম সাধারণ সম্পাদক পদটি স্থগিত করা হয়।
নির্বাচন ঘিরে এই দুই চেয়ারম্যান প্রার্থী একে অন্যের দোষ-অনিয়ম তুলে ধরে পথসভায় বক্তব্য দিয়ে যাচ্ছেন। আবার জানানও দিচ্ছেন নিজেদের শক্তির বলয়। আর ভোটারের কাছে প্রার্থনা করছেন ভোট। তাই ভোটের মাঠে আওয়ামী লীগের শত্রু এখন আওয়ামী লীগ।
এদিকে ভাইস চেয়ারম্যান পদে চশমা প্রতীক নিয়ে লড়ছেন বর্তমান ভাইস চেয়ারম্যান ও জাতীয় শ্রমিক লীগ নকলা উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ সারোয়ার আলম তালুকদার এবং তালা প্রতীক নিয়ে লড়ছেন উপজেলা যুবলীগের আহ্বায়ক রফিকুল ইসলাম। মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রজাপতি প্রতীক নিয়ে লড়ছেন সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা উম্মে কুলছুম, কলসি প্রতীক নিয়ে ফরিদা ইয়াসমিন ও ফুটবল প্রতীক নিয়ে লড়ছেন লাকী আক্তার।
একটি পৌরসভা ও নয়টি ইউনিয়ন নিয়ে গঠিত নকলা উপজেলা। নির্বাচনে প্রতীক বরাদ্দের পর থেকেই জমে ওঠে নকলা উপজেলা পরিষদ নির্বাচনের প্রচার-প্রচারণা। কর্মী-সমর্থকদের নিয়ে মাঠ চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর সঙ্গে প্রচারণায় বেশ সরব স্বতন্ত্র প্রার্থীও। শুধু চেয়ারম্যান প্রার্থীই নন; পিছিয়ে নেই নারী প্রার্থীরাও। তবে গত মধ্যরাত থেকে প্রচার-প্রচারণা বন্ধ করে দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। প্রচার-প্রচারণায় ছিল দুজনের অভিযোগ-পাল্টা অভিযোগ। নৌকা প্রতীকের প্রার্থী শফিকুল ইসলাম জিন্নাহ দেশ রূপান্তরকে বলেন, জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী। শাহ মো. বোরহান উদ্দিন বলেন, এ নির্বাচনে বিপুল ভোটে জয়ী হব।
রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা শুকুর মাহমুদ মিঞা দেশ রূপান্তরকে বলেন, নির্বাচন অবাধ ও সুষ্ঠু পরিবেশে করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
নকলা উপজেলা পরিষদ নির্বাচনে ৬৭টি কেন্দ্রে ৩৭৫টি ভোটকক্ষের মাধ্যমে ভোট দেবেন ১ লাখ ৫১ হাজার ৫৪৫ জন ভোটার।
