‘গণমাধ্যম এখন একদলীয় ভূতের নিয়ন্ত্রণে’

আপডেট : ১৭ জুন ২০১৯, ১২:৫৮ এএম

দেশের গণমাধ্যম এখন ‘একদলীয় ভূত’ নিয়ন্ত্রণ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। গতকাল রবিবার দুপুরে সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে বাংলাদেশ লেবার পার্টির উদ্যোগে ১৬ জুন সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে ‘গণমাধ্যমের স্বাধীনতা ও আজকের বাংলাদেশ’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এমন মন্তব্য করেন। 

খসরু বলেন, সেদিন (১৯৭৫ সাল) তারা (আওয়ামী লীগ) গণমাধ্যমের কণ্ঠরোধ করে একদলীয় শাসন প্রবর্তন করেছিল। আজ প্রায় ৪৫ বছর পর গণমাধ্যমের ওপর আবার সেই ভূত চেপে বসেছে।

তিনি বলেন, সেদিন আওয়ামী লীগ গণমাধ্যমের কণ্ঠরোধ করেছিল সরকারি একটি আইনের মাধ্যমে। আজকে কণ্ঠরোধ করছে তাদের পৃষ্ঠপোষকতায় কিছু গণমাধ্যম সৃষ্টি করে। আর যারা নিরপেক্ষ স্বাধীন তাদের কণ্ঠরোধ করা হচ্ছে রাষ্ট্রীয় কিছু সংস্থাকে ব্যবহার করে। লাইন একটা দেওয়া আছে, ওই লাইন অতিক্রম করলেই গণমাধ্যমের ওপর বাধা চলে আসে। ক্ষমতা ধরে রাখতে গণমাধ্যম ব্যবহার করা হচ্ছেÑ সেটা অত্যন্ত দুঃখজনক।

লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মো. রহমাতুল্লাহ, এনডিপির চেয়ারম্যান আবু তাহের, শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের মহাসচিব জাকির হোসেন, লেবার পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব ফারুক রহমান, কেন্দ্রীয় নেতা এসএম ইউসুফ আলী প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত