লালমনিরহাট সদর উপজেলার চর কুলাঘাট গ্রামে জমি নিয়ে সংঘর্ষে লাকী খাতুন (১৪) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। এ সংঘর্ষে নিহতের বাবা-মা, ফুপুসহ দুই পক্ষের সাতজন আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে ছয়জনকে আটক করেছে পুলিশ।
গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কুলাঘাট ইউনিয়নের শীবেরকুটি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত লাকী খাতুন শীবেরকুটি গ্রামের নজরুল ইসলামের মেয়ে। সে স্থানীয় চর কুলাঘাট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ছিল।
পুলিশ ও স্থানীয়রা জানায়, কুলাঘাট ইউনিয়ন পরিষদের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য দুলালী বেগমের স্বামী একরামুল হকের সঙ্গে প্রতিবেশী লাকীর বাবা নজরুল ইসলামের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ রয়েছে। সেই জমি নিয়ে আদালতে একাধিক মামলা বিচারাধীন রয়েছে। গতকাল সকালে কিছু ভাড়াটে লোক নিয়ে বিরোধপূর্ণ জমি দখলে নিতে যান একরামুল।
এ সময় বাধা দিলে নজরুল ইসলামের ওপর হামলা চালায় একরামুলের লোকজন। তখন বাবাকে বাঁচাতে গিয়ে হামলার শিকার হয় লাকী, তার মা কুলসুম বেগম, ফুফু বানু বেগম। এ সময় সংঘর্ষে একরামুলের পক্ষের তিনজন আহত হন।
স্থানীয়রা গুরুতর অবস্থায় সাতজনকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা লাকীকে মৃত ঘোষণা করেন। আহত অন্যদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সদর থানা পুলিশ ছয়জনকে আটক করেছে।
লালমনিরহাট সদর থানার ওসি মাহফুজ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক ছয়জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
