নিখোঁজ ভাগ্নের সন্ধান চাইলেন সোহেল তাজ

আপডেট : ১৮ জুন ২০১৯, ০৩:০৫ এএম

ভাগ্নে সৈয়দ ইফতেখার আলম সৌরভ আট দিন ধরে নিখোঁজ দাবি করে তার সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ। গতকাল সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে তিনি সাংবাদিকদের বলেন, ‘আমরা বাংলাদেশের নাগরিক। কোনোভাবেই আশা করতে পারি না; কোনো নাগরিক গুম কিংবা অপহৃত হোক। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে, আশা করছি ভাগ্নেকে ফিরে পাব। কার কী পরিচয় তা মুখ্য বিষয় নয়।’

গত ৯ জুন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে সৌরভকে কে বা কারা তুলে নিয়ে যায় বলে অভিযোগ তার পরিবারের। পরে তার বাবা সৈয়দ মোহাম্মদ ইদ্রিস আলম পাঁচলাইশ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। সৌরভ সোহেল তাজের মামাতো বোন সৈয়দা ইয়াসমিন আরজুমানের ছেলে। ২৮ বছর বয়সী এ যুবক ঢাকায় ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটিতে পড়েন। তার পরিবার চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ আবাসিক এলাকায় থাকে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সৌরভের মা সৈয়দা ইয়াসমিন আরজুমান বলেন, ২০১৭ সালে সৌরভের নির্মিত চলচ্চিত্র ‘বেঙ্গলী বিউটি’ দেশ-বিদেশে খ্যাতি অর্জন করে। ওই সময় সওদা নামে এক মেয়ের সঙ্গে তার পরিচয় হয়। পর্দানশীল পরিবারের সদস্য সওদা মোবাইল ফোনেই সৌরভকে বিবাহ সম্পন্ন করার প্রস্তাব দেয়। তাতে রাজি না হলে নিজের প্রাণনাশের হুমকি দেয়। এর মধ্যে পরিবার সওদাকে অন্যত্র বিয়ে দেয়। ২০১৮ সালেই ওই বিয়ে ভেঙে যায়। তিনি আরও বলেন, এরপর থেকে সওদার বাবা আজাদ চৌধুরী সৌরভকে দোষারোপ করে ও প্রাণনাশের হুমকি দেয়। ২০১৯ সালের ৭ ফেব্রুয়ারি তাকে উত্তরা র‌্যাব সদর দপ্তরে ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ ও ভয়ভীতি দেখানো হয়।

সৌরভের মা বলেন, গত ১২ ফেব্রুয়ারি বনানী থানার ওসি সৌরভকে ডেকে নিয়ে গালাগাল করে এবং বিভিন্ন মামলায় ফাঁসানোর হুমকি দেয়। ২০১৮ সালের ১৬ মে বনানীর বন্ধুর বাসা থেকে ডিজিএফআই ও র‌্যাব পরিচয়ে একদল লোক সৌরভকে তুলে নিয়ে যায়। দীর্ঘ সময় তারা তাকে সওদার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করে। তিনি আরও বলেন, জিজ্ঞাসাবাদের একপর্যায়ে র‌্যাব তাকে চাকরির প্রলোভন দেখায়। কাগজপত্র চায়। এরপর গত ৮ জুন দুপুরে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে গেলে চট্টগ্রাম মিমি সুপার মার্কেটের সামনে থেকে সৌরভকে তুলে নেওয়া হয়। ছেলেকে ফিরে পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তিনি।

এক প্রশ্নের জবাবে সোহেল তাজ বলেন, ‘আমরা চাই না অন্য কোনো নাগরিকের ক্ষেত্রে এমন কিছু হোক। আজকে আমার ভাগ্নে, কালকে হয়তো আপনার ভাই হতে পারে। এটা কারও কাম্য নয়। এখানে আইনের শাসনে রাষ্ট্র চলবে। ন্যায়বিচার-সুবিচারের রাষ্ট্রে এ রকমটা হওয়া কাম্য নয়।’ ‘অপহরণকারীদের’ প্রভাবশালী উল্লেখ করে দেওয়া ফেইসবুক স্ট্যাটাসের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, ‘রাষ্ট্রীয় সংস্থার কর্মকর্তার নম্বর থেকে কল গেছে সৌরভের ফোনে। সেটা আমরা জানতে পেরেছি। এ অবস্থায় আমাদের একটাই লক্ষ্য তাকে ফিরে পাওয়া।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত