রাজশাহী থেকে সাইকেলযোগে ভারতের কাশ্মীরে যাচ্ছেন দুই তরুণ। গতকাল সোমবার নগর ভবনের সামনে বেলুন উড়িয়ে রবিউল ইসলাম ও জাহাঙ্গীর আলমের সাইকেলযাত্রার উদ্বোধন করেছেন সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন। ‘মিশন কাশ্মীর সাইকেল এক্সপেডিশন’ শীর্ষক এই যাত্রার স্লোগান ‘মাদককে না বলুন, সাইকেল চালান, সুস্থ থাকুন।’
সাইক্লিস্ট রবিউল গাজীপুর মহানগরের সালমা মহল্লার খোরশেদ আলমের ছেলে। তিনি রাজশাহী কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের স্নাতক শেষ বর্ষের ছাত্র। জাহাঙ্গীরের বাড়ি সিলেটে। এই সাইকেলযাত্রায় তাকে সহযোগিতা করছে আরএফএল গ্রুপের দুরন্ত বাইসাইকেল। সিলেটের সাইক্লিস্ট জাহাঙ্গীর ব্যক্তিগতভাবে একই সঙ্গে যাচ্ছেন। তারা রাজশাহী থেকে কলকাতা হয়ে পর্যায়ক্রমে বর্ধমান-আসানসোল-ধানবাদ-আওরঙ্গবাদ-বারানসি-ফতেপুর-কানপুর-আগ্রা-আলীগড়-দিল্লি-চন্ডীগড়-শিমলা-মানালি হয়ে খারদুংলা গিয়ে যাত্রার সমাপ্ত করবেন।
