প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু বলেছেন, দেড় দশকে ইলিশের উৎপাদন বেড়েছে আড়াই গুণের বেশি (১৫৯ দশমিক ৭৬ শতাংশ)। ২০০২-০৩ অর্থবছরে যেখানে ইলিশের উৎপাদন ছিল ১ লাখ ৯৯ হাজার ৩২ মেট্রিক টন, চলতি অর্থবছরে তা বেড়ে দাঁড়ায় ৫ লাখ ১৭ হাজার মেট্রিক টনে। গতকাল জাতীয় সংসদে প্রশ্নোত্তরপর্বে তিনি এ তথ্য জানান।
জাটকা ধরা নিষিদ্ধকরণ, প্রজননের সময় ইলিশ ধরা বন্ধসহ সরকারের নানামুখী পদক্ষেপে ইলিশের উৎপাদন বেড়েছে মন্তব্য করে প্রতিমন্ত্রী বলেন, আগামী ৫ বছরে ইলিশের উৎপাদন ৫ লাখ ৫০ হাজার মেট্রিক টন ছাড়িয়ে যাবে।
তার দেওয়া তথ্য অনুযায়ী, ২০১২-১৩ অর্থবছরে ৩ লাখ ৫১ হাজার মেট্রিক টন, ২০১৩-১৪ অর্থবছরে ৩ লাখ ৮৫ হাজার মেট্রিক টন, ২০১৪-১৫ অর্থবছরে ৩ লাখ ৮৭ হাজার মেট্রিক টন, ২০১৫-১৬ অর্থবছরে ৩ লাখ ৯৫ হাজার মেট্রিক টন, ২০১৬-১৭ অর্থবছরে ৪ লাখ ৯৬ হাজার মেট্রিক টন এবং ২০১৭-১৮ অর্থবছরে ৫ লাখ ১৭ মেট্রিক টন ইলিশ উৎপাদিত হয়েছে। আরেক প্রশ্নে তিনি জানান, চলতি অর্থবছরে ৩৮ হাজার ৫৭১ মেট্রিক টন শুঁটকি উৎপাদিত হয়েছে। এর মধ্যে সামুদ্রিক শুঁটকি ২৯ হাজার ৮২ মেট্রিক টন। যা দেশের উৎপাদিত শুঁটকির প্রায় ৭৫ শতাংশ।
