ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ম্যাজিস্ট্রেট পরিচয়ে হুমকি দিয়ে অর্থ দাবি করার অভিযোগে এক ব্যক্তিকে আটকের পর ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার রাজধানীর গুলশান এভিনিউয়ের একটি রেস্তোরাঁ থেকে মোহাম্মদ বিন জহির সুমন ভুঁইয়া নামে ওই ব্যক্তিকে ধরা হয়।
ডিএনসিসি কর্মকর্তারা জানান, সুমন ভুঁইয়া নিজেকে ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার পরিচয় দিয়ে রেস্তোরাঁ ব্যবস্থাপকের কাছে ১০ হাজার টাকা দাবি করেন। সন্দেহ হলে ব্যবস্থাপক কৌশলে তাকে আটকে রেখে ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ারকে জানান। সাজিদ সেখানে পৌঁছে ঘটনার সত্যতা খুঁজে পান।
অভিযুক্ত সুমন স্বীকার করেন, তিনি প্রায় এক বছর ধরে ম্যাজিস্ট্রেট সেজে প্রতারণা করে আসছিলেন। তার কাছে থেকে ২টি স্মার্টফোন ও ১১ হাজার টাকা জব্দ করা হয়। এসময় ভুয়া পরিচয়ে প্রতারণার অপরাধে দ-বিধির ১৭১ ধারায় সুমনকে ৬ মাসের কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত।
