শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) টিম ‘অলিক’ এবার যুক্তরাষ্ট্রে নাসায় যাওয়ার আমন্ত্রণ পেয়েছে। গত বছর ‘নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ-২০১৮’ চ্যাম্পিয়ন হওয়ায় এ সুযোগ পেল তারা।
নাসার আমন্ত্রণের বিষয়টি নিশ্চিত করেছেন টিম অলিকের মেন্টর ও শাবিপ্রবির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের সহকারী অধ্যাপক বিশ্বপ্রিয় চক্রবর্তী।
তিনি জানান, গত ২৯ মে ও ১২ জুন নাসা কর্র্তৃপক্ষ দুটি পৃথক ই-মেইলে টিম ‘অলিক’কে আমন্ত্রণ জানিয়েছে। আগামী ২০ জুলাইয়ের মধ্যে এর সদস্যদের নাসায় যেতে বলা হয়েছে। সেখানে ২১ থেকে ২৩ জুলাই নাসার বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন তারা।
অলিকের দলপতি আবু সাবিক মাহদি জানান, আমন্ত্রণসূচি অনুযায়ী, ২১ জুলাই নাসায় রকেট ফ্যালকন-৯-এর সিআরএস-১৮ মিশনের মহাকাশে উৎক্ষেপণ সরাসরি দেখতে পারবেন টিম অলিকের সদস্যরা। এ ছাড়া ২২ ও ২৩ জুলাই অন্যান্য অনুষ্ঠানে অংশ নেবেন তারা। টিমের অন্য সদস্যরা হলেন পদার্থবিজ্ঞান বিভাগের ছাত্র এস এম রাফি আদনান, ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের কাজী মাইনুল ইসলাম ও সাব্বির হাসান।
