ঢাকা-সিলেট মহাসড়কে ভারী-মাঝারী যান চলাচল বন্ধ

আপডেট : ১৯ জুন ২০১৯, ০১:১৬ এএম

ঢাকা-সিলেট, কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর অংশ দিয়ে সব ধরণের ভারী ও মাঝারী যানবাহন চলাচল বন্ধের নির্দেশনা দিয়েছে সড়ক ও জনপদ বিভাগ (সওজ)।

সরাইল উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের শাহবাজপুর সেতুর চতুর্থ স্পেনের ফুটপাতসহ রেলিং ভেঙে পড়ায় এ নির্দেশনা দেয়া হয়েছে।

মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে মুঠোফোনে ব্রাহ্মণবাড়িয়া সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শামীম আল মামুন বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার দিকে শাহবাজপুরের ক্ষতিগ্রস্থ সেতুর স্প্যানের ফুটপাতসহ রেলিং ভেঙে পড়েছে। যে কোনো মুহূর্তে বড় দুর্ঘটনা ঘটার আশঙ্কায় ঢাকা-সিলেট এই সেতু দিয়ে সব ধরণের ভারী ও মাঝারী যান চলাচল বন্ধের নির্দেশনা দেয়া হয়েছে। পরবর্তী নির্দেশনা দেয়া না পর্যন্ত যানবাহনগুলোকে বিকল্প সড়ক হিসেবে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল-নাসিরনগর ও হবিগঞ্জের লাখাই-হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়ক ব্যবহার করার জন্য বলা হয়েছে।

তিনি আরো জানান, এ নির্দেশনা কার্যকরের জন্য প্রশাসন ও পুলিশকেও চিঠি দেয়া হয়েছে। তিতাস নদীর ওপর ১৯৬৩ সালে নির্মিত শাহবাজপুর সেতুর মাঝখানে বেইলি সেতু বসিয়ে কোনো রকমে যান চলাচল স্বভাবিক রাখা হয়। মাঝে-মধ্যেই বেইলি সেতুতে ওঠার সময় চাকা দেবে গিয়ে যানবাহন আটকে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।

ব্রাহ্মণবাড়িয়া সওজ বিভাগ সেতুটিকে ঝুঁকিপূর্ণ উল্লেখ করে সেতুর দুই পাশে ১৫ টনের অধিক ওজনের যানবাহন চলাচল নিষেধ করে সাইনবোর্ড টানিয়েছে।

তবে সওজ’র এই নির্দেশনা না মেনে প্রতিনিয়ত ১৫ টনের অধিক যানবাহন সেতু দিয়ে চলাচল করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত