উপজেলা পরিষদ নির্বাচনের শেষ ধাপে গাজীপুরের দুটি ভোটকেন্দ্র ঘুরে দেখল সার্কভুক্ত দেশগুলোর একটি প্রতিনিধি দল। দলটিতে ছিলেন ভুটানের এক নির্বাচন কমিশনারও। গতকাল মঙ্গলবার দেশের ২০ উপজেলায় ভোট হয়। এর মধ্যে গাজীপুরের দুটি ভোটকেন্দ্র ঘুরে দেখেন তারা। ভুটানের নির্বাচন কমিশনার উ জেন চি এবং নির্বাচন সচিব দাওয়া তিনজিনসহ প্রতিনিধি দলটি গতকাল দুপুরে সদর উপজেলার ভাবানীপুর উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শন করে। এর আগে তারা বাংলাদেশের স্থানীয় সরকার নির্বাচন পদ্ধতি নিয়ে প্রশাসন ও নির্বাচন কমিশনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ও করেন। গাজীপুরের জেলা প্রশাসক দেওয়ান মোহাম্মদ হুমায়ূন কবির জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হতে দেখে সন্তোষ প্রকাশ করেছে প্রতিনিধি দলটি।
×
