সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ নিজেই তার নিখোঁজ ভাগ্নে সৈয়দ ইফতেখার আলম সৌরভকে খুঁজে বের করার ঘোষণা দিয়েছেন। এ জন্য তিনি নিজেই তদন্তে নামবেন। একই সঙ্গে প্রতিনিয়ত তদন্তের অগ্রগতি ফেইসবুকের লাইভে এসে জানাবেন তিনি। গতকাল মঙ্গলবার বিকেলে নিজের ফেইসবুক লাইভে এসে তিনি এ ঘোষণা দেন।
গত সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করেন সোহেল তাজ। তার সঙ্গে ছিলেন ইফতেখারের মা সৈয়দা ইয়াসমিন আরজুমান ও বাবা মো. ইদ্রিস আলী। সংবাদ সম্মেলনে তারা ইফতেখার সৌরভকে অপহরণ করা হয় বলে জানান।
গতকাল ফেইসবুক লাইভে সোহেল তাজ জানান, তদন্তের প্রথম ধাপ হিসেবে তিনি যেখান থেকে তার ভাগনে সৌরভ অপহৃত হয়েছেন, সেখানে যাবেন এবং প্রত্যক্ষদর্শী লোকজনের বিবৃতি নেবেন। তিনি বলেন, ইফতেখার শুধু তার আত্মীয় নয়। সে এই দেশের ছেলে। কারও বিরুদ্ধে অভিযোগ উঠলে বিচারের মাধ্যমে সাজা হওয়াই গণতান্ত্রিক রাষ্ট্রের বৈশিষ্ট্য। তিনি নিজে এই শিক্ষা নিয়েই বড় হয়েছেন।
ফেইসবুক লাইভের শুরুতে সোহেল তাজ বলেন, ‘ফেইসবুকে এটাই হচ্ছে আমার প্রথম লাইভ ব্রডকাস্ট।... আপনারা সবাই জানেন আমার মামাতো বোনের ছেলে সৌরভ গত নয় দিন ধরে নিখোঁজ। তো আমরা সার্বিকভাবে সৌরভকে অক্ষত অবস্থায়, জীবিত অবস্থায়, সুস্থ অবস্থায় ফেরত চাই। তার বাবা আমার সঙ্গেই আছেন। আমার বাসায়। তো আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন আমার মায়ের ছবি। এ বাসাতেই আমি এখন ভাড়া থাকি। কারণ বাংলাদেশে আমি অনেক সময় দিচ্ছি, কয়েকটা প্রজেক্ট করছি। কিছু ভালো কাজ করার জন্য। সেটা আগে আপনাদের জানিয়েছি। এ রকম একটা কাজের মাঝখানে এমন একটা দুর্ঘটনার সম্মুখীন আমরা হয়েছি। আমি নিজেই তদন্ত করব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করব। আমরা যতটুকু তথ্য সংগ্রহ করতে পারি, ততটুকু সংগ্রহ করে তাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। সেই উদ্দেশ্য নিয়ে কাজ করব।’
গতকাল মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন বলেন, ‘সৌরভকে উদ্ধারে পুলিশ কাজ করছে। তিনি উদ্ধার হয়ে যাবেন।’ সুরক্ষা সেবা বিভাগ ও আওতাধীন দপ্তর বা সংস্থার মধ্যে ২০১৯-২০ অর্থবছরে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।
